কিডনি প্রতিস্থাপন বন্ধ হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের সংগঠন মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএমএ) অভিযোগ করেছে, সম্প্রতি কিডনি সংযোজন সম্পর্কে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে জড়িয়ে গণমাধ্যমে ঢালাওভাবে সংবাদ পরিবেশিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশে কিডনি-লিভার সংযোজন বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতে অস্থিরতা ও উদ্ভূত পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব সারফুদ্দিন আহমেদ এ কথা বলেছেন।মতবিনিময় সভায় জানানো হয়, বিএমএ মনে করে, আমাদের দেশের উন্নত চিকিৎসা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ায় কিছু বিদেশি হাসপাতাল ঈর্ষান্বিত হয়ে রোগী পাচারের লক্ষ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। বিএমএ ‘অরগান ট্রান্সপ্ল্যান্ট অ্যাক্ট, ১৯৯৯’ সংশোধন এবং একটি ‘অ্যাক্রিডেশন বোর্ড’ গঠনের মাধ্যমে কিডনি সংযোজনে আত্মীয় পরিচয় নির্ধারণ করে জটিলতা নিরসনের আহ্বান জানায়। বিএমএ আরও বলেছে, যদি কিডনি-লিভার সংযোজনে ব্যবসায়ী কর্মকাণ্ডে চিকিৎসকসহ কেউ জড়িত থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্য নয়, এটিকে সেবা হিসেবে দেখতে হবে। আমাদের এখানে প্রতি ২৫ লাখ লোকের জন্য মাত্র একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তাই এখানে “রেফারেন্স” পদ্ধতিতে চিকিৎসা পুরোপুরি সফল হবে না।’বিএমএর সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, বর্তমানে চিকিৎসাক্ষেত্রে অব্যবস্থাপনা চলছে। জনগণ-চিকিৎসক মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। এ অস্থিরতা দূর করতে সবার সুষ্ঠু ভূমিকা রাখা উচিত।লিখিত বক্তব্যে বিএমএর মহাসচিব বলেন, বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা চলছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে জটিল ও মুমূর্ষু রোগীর জরুরি চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হতে পারে। এতে সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, কোনো রোগী মারা গেলে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে হামলা হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএমএ।সভায় বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি এম এ রউফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্গান ট্রান্সপ্ল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশীদ, বিপিএমপিএর সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, বিএমএর যুগ্ম মহাসচিব এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মোখলেস-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।