কিডনি-বাণিজ্য তদন্তে কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি-বাণিজ্য বিষয়ে তদন্ত করতে জাতীয় কমিটি গঠনের জন্য স্বাস্থ্যসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।তদন্ত সাপেক্ষে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনে জড়িত চিকিত্সকদের সনদ বাতিলের ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়।জনস্বার্থে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাসার এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আজই রিটটি দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন।আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিগমা হুদা। তাঁর সঙ্গে ছিলেন রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী জিনাত হক। রুলে নাগরিকদের জীবন রক্ষায় মৌলিক অধিকার নিশ্চিতে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, জয়পুরহাটের পুলিশ সুপার, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিএমডিসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে কিডনিসহ মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনে ‘মানবদেহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-১৯৯৯’ অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।