কিডনি বিক্রি ও পাচারকারী চক্রের প্রধান গ্রেপ্তার
দেশে-বিদেশে কিডনি বিক্রি ও পাচারকারী চক্রের প্রধান তারেক আজিম ওরফে বাবুল চৌধুরীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ডিবি পুলিশ ঢাকা থেকে তারেককে গ্রেপ্তার করে।জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘তারেক ছদ্মনাম ব্যবহার করে দেশে-বিদেশে কিডনি বিক্রি ও পাচারকারী একটি চক্রকে নিয়ন্ত্রণ করতেন। তাঁর আসল নাম বাবুল চৌধুরী। ঢাকায় বসবাস করলেও তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্বাস আলী।’ ওসি আরও বলেন, তারেক ২৮ আগস্ট কালাই থানায় দায়ের হওয়া কিডনি কেনাবেচা মামলার এজাহারভুক্ত আসামি। কালাই থানা ছাড়াও তাঁর বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।এর আগে ডিবি পুলিশ তারেকের সহযোগী সাইফুল ইসলাম দাউদকে বাগেরহাটের মোল্লারহাট থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল বলেন, দেশ-বিদেশে কিডনি বিক্রি ও পাচারকারী চক্রের প্রধান তারেক। ঢাকার মিরপুর এলাকায় তারেকের দুটি পোশাক কারখানা ছাড়াও ফকিরাপুল এলাকায় ট্রাভেল এজেন্সি ও মানিচেঞ্জিংয়ের ব্যবসা রয়েছে।