কিডনি বিক্রির মামলায় অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত কিডনি মামলা থেকে চিকিৎসক ও ক্লিনিক-হাসপাতাল কর্তৃপক্ষকে বাদ দিয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ভুক্তভোগী ও আইনজীবীরা এই অভিযোগপত্রকে দায়সারা বলছেন।পুলিশ গত ৩১ অক্টোবর জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ২৯ আগস্ট জয়পুরহাটের কালাই থানায় মামলাটি করা হয়। ৪২৮ দিনের তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত হয়েছিল।এজাহারভুক্ত নয়জনসহ ১৪ জনের বিরুদ্ধে অভাবী মানুষের সঙ্গে প্রতারণা করে কিডনি ও যকৃৎ হাতিয়ে নেওয়া এবং কিডনি ব্যবসায় সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে কিডনি ও যকৃৎ হারানো ব্যক্তিরা এবং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ছয় ব্যক্তি এ ব্যবসার সঙ্গে রাজধানীর কয়েকটি হাসপাতাল-ক্লিনিক ও কয়েকজন চিকিৎসকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। অভিযোগপত্রে সেসব চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করা হয়নি।যকৃৎ হারানো মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, প্রতারণা করে যকৃৎ নেওয়ার ঘটনায় তিনি রাজধানীর একটি হাসপাতাল ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে ওই হাসপাতাল ও চিকিৎসকদের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে বলেছিল। পুলিশ বলেছিল, এই স্বীকারোক্তি মোতাবেকই অভিযুক্তদের মামলায় আসামি করা হবে।এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে নাম আসা চিকিৎসকদের ব্যাপারে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চিকিৎসকদের তারা চেনে না এবং মেহেদী হাসান নামের কোনো রোগীর ওই হাসপাতালে যকৃত প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়নি। কর্তৃপক্ষ অস্বীকার করায় অভিযোগপত্রে চিকিৎসকদের নাম সংযুক্ত করা যায়নি।পেছনের ঘটনা: দারিদ্র্যের সুযোগ নিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের খপ্পরে পড়ে কালাইয়ে বেশ কিছু অভাবী মানুষ ঢাকায় এসে কিডনি বিক্রি করেন। গত বছর ৩০ আগস্ট থেকে প্রথম আলোতে এ নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রাথমিক তদন্তে কিডনি বিক্রির বিষয়ে নিশ্চিত হন। স্থানীয় দুই দালালকে গ্রেপ্তারের পর ২৯ আগস্ট কালাই থানার তৎকালীন উপপরিদর্শক নৃপেন্দনাথ ঘোষ ১০ দালালের নাম উল্লেখ করে মামলা করেন।দায়সারা অভিযোগপত্র: মামলার অভিযোগপত্রকে দায়সারা ও ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন সরকার পক্ষের আইনজীবী। পুলিশ বলছে, তারা মোট ৭০ জনের সাক্ষী নিয়েছে। কিন্তু অভিযোগপত্রে ২২ জনের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭, ৩২৬, ৪২০সহ মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপন আইন ১৯৯৯-এর ১০(১)-এর ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন কালাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম। তদন্ত করার সময় তাঁর বিরুদ্ধে ঢাকার কয়েকটি ক্লিনিক ও হাসপাতাল এবং চিকিৎসকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। তাঁকে অন্যত্র বদলি করা হলে মামলাটি তদন্তের দায়িত্ব পান আরেকজন ওসি। তিনি গত ১৬ আগস্ট বদলি হন। নতুন দায়িত্ব নেন ওসি নুর হোসেন খন্দকার। সম্প্রতি তাঁকেও বদলি করা হয়। দায়িত্ব হস্তান্তরের এক দিন আগে ৩১ অক্টোবর তিনি অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে আটজন বর্তমানে জামিনে এবং ছয়জন পলাতক রয়েছেন। সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ও নিশ্চিত পরিচয় খুঁজে না পাওয়ায় আটজনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র দেওয়ার আগে সরকারি কৌঁসুলি হিসেবে আমার কোনো মতামত নেওয়া হয়নি। অভিযোগপত্র হাতে আসার পর প্রয়োজন হলে সরকার পক্ষ থেকে নারাজি দেওয়া হবে।’