কিডনি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি ও লিভার ব্যবসায় জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বেআইনিভাবে এ ব্যবসার নেপথ্যে কেউ থাকলে তাদেরও খুঁজে বের করতে বলা হয়েছে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম কিডনি ও লিভার নিয়ে ব্যবসার বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। সভায় এ ব্যবসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানা গেছে।বৈঠকের পর শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, আইনে নিকট আত্মীয়কে কিডনি দান করার বিধান আছে। কিন্তু আইনের তোয়াক্কা না করে এ নিয়ে রীতিমতো ব্যবসা চলছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে দেখা গেছে, কিডনি নিয়ে একটি চক্র কাজ করছে।সভাপতি আরও বলেন, কমিটি মন্ত্রণালয়কে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। দ্রুততম সময়ে এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থাও নিতে বলা হয়েছে।এ ছাড়া সভায় ওষুধের মান নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ অনুসরণ না করে যেসব প্রতিষ্ঠান ওষুধ উত্পাদন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।শেখ সেলিম বলেন, সংসদীয় কমিটি তদন্ত করে দেখেছে, ৬২টি ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মানছে না। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী অংশ নেন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।