জয়পুরহাটের কালাইয়ে কিডনি ব্যবসায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করা হয়েছে। কিডনি বেচাকেনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি জয়পুরহাটের জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এদিকে কিডনি কেনাবেচার দালাল চক্রের আরও দুই সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় কালাই থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে নাফিজ মাহমুদ (৩১) ও মাহমুদুর রহমান সুজন ওরফে মাহমুদকে (৩২) গ্রেপ্তার করে। তদন্ত প্রতিবেদন দাখিল: তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভাবের কারণে কোনো কিডনি বিক্রির ঘটনা ঘটেনি। বেসরকারি সংস্থা (এনজিও) ও দাদন ব্যবসায়ীদের চাপে পড়ে কেউ কেউ কিডনি বিক্রি করে থাকতে পারে। এ ছাড়া দালাল চক্রের প্ররোচনা, অর্থের প্রলোভন ও আর্থসামাজিক কারণে কিডনি বিক্রির ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালিদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাওছার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ম ৎ স্য কর্মকর্তা সরোয়ার জামান, সংশ্লিষ্ট তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার, রফিকুল ইসলাম চৌধুরী ও আবুল খয়ের মওলা। ১১ সদস্যের তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, কিডনি বিক্রির কারণ হিসেবে এনজিওদের চাপ ও অভাবকে দায়ী করে আসছিলেন কিডনি বিক্রেতারা। বিষয়টি খতিয়ে দেখতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক কয়েক দিন আগে ওই কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির প্রধান উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, কমিটির সদস্যরা মাঠপর্যায়ে গিয়ে কিডনি বিক্রেতা, স্থানীয় লোকজন, এনজিও-প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে কিডনি বিক্রির বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। উদ্ভূত সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশও করেছে কমিটি।প্রতিবেদনে ১০ দফা সুপারিশ করা হয়েছে। কমিটির সদস্য ও কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালিদ হোসেন বলেন, কিডনি কেনাবেচায় জড়িত স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক দালালচক্র, চিকি ৎ সক এবং চিকি ৎ সাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া এনজিও থেকে ভুক্তভোগী কিডনি বিক্রেতাদের নেওয়া ঋণ ও সুদ মওকুফ, দায়ী এনজিও এবং দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এনজিওদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, ভুক্তভোগীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থিক পুনর্বাসন, সরকারি উদ্যোগে কিডনি বিক্রেতাদের বিনা মূল্যে চিকি ৎ সাসেবা প্রদান ও শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতন করা, ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট এলাকায় আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে কিডনি বিক্রির অপেক্ষায় থাকা ব্যক্তিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।আরও দুই দালাল গ্রেপ্তার: কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, কিডনি কেনাবেচার দালালচক্রের সদস্যদের ধরতে দুদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় তাঁর নেতৃত্বে কালাই থানা থেকে যাওয়া পুলিশের একটি দল। তারা বৃহস্পতিবার (গতকাল) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কলাবাগান এলাকার একটি বাসা থেকে দালালচক্রের সদস্য মাহমুদুর রহমান সুজন ওরফে মাহমুদকে গ্রেপ্তার করে। পরে পান্থপথে ‘এশিয়া কলম্বিয়া’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এর কর্ণধার নাফিজ মাহমুদকে গ্রেপ্তার করে।ওসি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর চাষাঢ়ার নাসির উদ্দিনের ছেলে নাফিজ মাহমুদ রাজধানীর পান্থপথের ওই প্রতিষ্ঠানে বসে বিদেশের বিভিন্ন হাসপাতালে কিডনি কেনাবেচা করতেন। কিডনি ক্রেতা ও বিক্রেতার পাসপোর্ট, ভিসাসহ সব ব্যবস্থা করে দিতেন এই নাফিজ। কিডনি কেনাবেচার দালালচক্রের হোতা তারেক আজম ও সাইফুল ইসলাম দাউদ আদালতে দেওয়া স্বীকারোক্তিতে কিডনি ব্যবসার দালালচক্রের হোতা হিসেবে নাফিজের নাম বলেছিলেন। সুজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁর বাবার নাম মৃত ইব্রাহীম হোসেন।