কিডনি রোগ প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় দুই কোটি। প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়। আক্রান্ত রোগীদের মাত্র পাঁচ থেকে ১০ শতাংশ চিকিৎসার আওতায় আসতে পারে। কিডনি রোগ প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। একই সঙ্গে রোগ প্রতিকারে প্রয়োজন চিকিৎসার অবকাঠামোগত উন্নয়ন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গতকাল সোমবার প্রথম আলো আয়োজিত ‘কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিস্থাপন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। গতকাল বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।সচেতনতার অভাবে বাড়ছে রোগী: বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ বলেন, দেশের অধিকাংশ মানুষ কিডনি রোগ সম্পর্কে জানে না। গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ মানুষ জানে না কখন তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এদের কিডনি যখন ৭০ থেকে ৮০ শতাংশ নষ্ট হয়ে যায়, তখন তারা চিকিৎসকের কাছে আসে। তখন ওষুধের তেমন উপযোগিতা থাকে না। এ জন্য কিডনি রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিতে হবে। চল্লিশোর্ধ্ব মানুষকে প্রতিবছর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির জন্য প্রস্রাবে অ্যালবুমিন পরীক্ষা করা প্রয়োজন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল আলম বলেন, দেশে ওষুধের দোকানে গিয়ে চাইলেই ওষুধ পাওয়া যাচ্ছে। পরামর্শ ছাড়া ওষুধ সেবনে কিডনি রোগের ঝুঁকি অত্যন্ত বেশি। অপ্রয়োজনীয় একটি ওষুধের কারণে কিডনিতে রোগ হতে পারে।জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক কাজী রফিকুল আবেদীন বলেন, ওষুধের যথেচ্ছ ব্যবহারের পাশাপাশি খাদ্যে ক্ষতিকর বস্তু ব্যবহারের কারণেও মানুষের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে।জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান জামানুল ইসলাম ভূঁইয়া বলেন, মেয়েরা মূত্রতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা নিয়ে শুরুতে চিকিৎসকের কাছে আসে না। যখন আসে, তখন কিডনির সমস্যা প্রকট হয়ে যায়। এসব সমস্যা শুরু হওয়ামাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে মেয়েদের জন্য যথাযথ পয়োব্যবস্থা করতে হবে।জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিচালক ফিরোজ খান বলেন, দীর্ঘকাল ধরে স্ক্যাবিস-জাতীয় চর্মরোগে ভুগলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। স্ক্যাবিসের সংক্রমণ থেকে কিডনি ক্ষতিগ্রস্ত হয়।চিকিৎসা ব্যয়বহুল: অধ্যাপক হারুন অর রশীদ বলেন, ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি কিডনি রোগের চিকিৎসা করা হয়। ডায়ালাইসিসে প্রথম পর্যায়েই খরচ পড়ে তিন থেকে চার লাখ টাকা। এর পরও পর্যায়ক্রমে প্রচুর টাকা ব্যয় হয়।কিডনি প্রতিস্থাপনে এককালীন অনেক টাকা লাগে। পরবর্তী প্রথম ছয় মাসে খরচ পড়ে প্রতি মাসে গড়ে ২৫ হাজার টাকা। এরপর আজীবন প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা করে খরচ করতে হয়। তিনি বলেন, আক্রান্ত রোগীদের মাত্র চার শতাংশ ডায়ালাইসিস করাতে পারে। দেশে ৪২টি ডায়ালাইসিস ও আটটি প্রতিস্থাপন কেন্দ্র আছে। এসব কেন্দ্রে মাত্র তিন হাজার রোগী সেবা নিতে পারে। বাকি রোগীরা প্রায় বিনা চিকিৎসায় থেকে যাচ্ছে।ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা পিনাকী ভট্টাচার্য বলেন, ডায়ালাইসিসের জন্য যে ফ্লুয়িড প্রয়োজন, তার আমদানি শুল্ক সরকার মওকুফ করে দিয়েছে। অথচ এই ওষুধ দেশে তৈরি করলে সরকারকে শুল্ক দিতে হয়। দেশে প্রস্তুতকারী এ ধরনের ওষুধ বা চিকিৎসাসামগ্রী শুল্কমুক্ত করা প্রয়োজন। ডায়ালাইসিস ফ্লুয়িডের চাহিদা প্রতিবছর বাড়ছে। দিনে দিনে আধুনিক চিকিৎসাব্যবস্থাও আসছে। এরই ধারাবাহিকতায় এখন এমন ফ্লুয়িডও তৈরি হচ্ছে, যা রোগী নিজে নিজেই ব্যবহার করতে পারে।দেশেই হচ্ছে প্রতিস্থাপন: অধ্যাপক হারুন অর রশীদ বলেন, সারা দেশে এখন পর্যন্ত ৮০০ রোগী কিডনি প্রতিস্থাপন করেছে, যার ৫০০টিই হয়েছে দেশে। বিদেশ থেকে প্রতিস্থাপন করা রোগীদের চিকিৎসা-পরবর্তী পরিচর্যাও দেশেই হচ্ছে। এরা সুস্থ জীবন যাপন করছে।বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্টেশন ইউনিটের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘দুই দশক ধরে দেশে কিডনি প্রতিস্থাপন হচ্ছে। গত এক দশকে আমরা অন্যান্য দেশের মতো ভালো করছি। বিএসএমএমইউতে ইতিমধ্যে ৩৮১টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। লোকবল কম থাকলেও আমাদের সফলতা অনেক।’জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতালের পরিচালক ফিরোজ খান বলেন, আমাদের প্রতিষ্ঠানে আমরা বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করছি। দেশেই কিডনি প্রতিস্থাপন করা ভালো। কেননা, এতে রোগী প্রতিস্থাপন-পরবর্তী পরিচর্যা যথাযথভাবে পেতে পারে এবং খরচও কম হয়।বাড়াতে হবে দাতার সংখ্যা: অধ্যাপক হারুন অর রশীদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউতে নিবিড় পরিচর্যাকেন্দ্রের রোগীদের ওপর সমীক্ষা করে দেখা গেছে, তাদের ১৬ থেকে ২০ শতাংশ কিডনি দিতে আগ্রহী। তাদের ১০ থেকে ১২ শতাংশ রোগী কিডনি প্রতিস্থাপনের জন্য উপযুক্ত। মস্তিষ্ক-মৃত মানুষের কাছ থেকে কিডনি সংগ্রহে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা দরকার। এ ছাড়া মরণোত্তর কিডনি প্রদানে দাতা কার্ড প্রণয়নের কথা বলেন তিনি। এ ব্যাপারে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।বিএসএমএমইউর অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, মস্তিষ্ক অকার্যকর হয়ে গেলে মানুষের মৃত্যু অবধারিত। সে ক্ষেত্রে ওই মানুষের কিডনিসহ অন্যান্য অঙ্গ সংগ্রহ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এভাবে কিডনি সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে সমাজের সবাইকে কার্যকর ভূমিকা রাখতে সচেতন করা দরকার।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর স্বাস্থ্যকুশল বিভাগের সম্পাদক এবং জাতীয় রোগ প্রতিরোধ ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসপ) সহকারী অধ্যাপক ইকবাল কবীর।