কিডনি রোগে আক্রান্ত ১ কোটি ৮০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গতকাল বুধবার রক্ত পরিশোধন (ডায়ালাইসিস) করা হচ্ছিল গৃহবধূ রুখসানা বেগমের (৩৫)। রাজধানীর হাজারীবাগ এলাকার এই গৃহবধূর দুটি কিডনিই বিকল। তাঁর স্বামী নূরুল আমিন জানান, ২০০৭ সাল থেকে রুখসানার ডায়ালাইসিস করানো হচ্ছে। আগে বেসরকারি হাসপাতালে করালেও খরচে কুলাতে না পারায় সরকারি হাসপাতালে এসেছেন। তিনি জানান, এখানকার সেবার মানও ভালো।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের হিসাবে, দেশে রুখসানার মতো দুটি কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার। কিডনির কোনো না কোনো রোগে ভুগছে এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ। তবে এ নিয়ে জাতীয়ভিত্তিক কোনো জরিপ না হওয়ায় সঠিক সংখ্যা জানা যায়নি। রোগীর অনুপাতে দেশে কিডনি রোগের চিকিত্সাসুবিধা অপ্রতুল। কিডনি বিকল হওয়া রোগীদের মাত্র তিন হাজার জনকে ডায়ালাইসিস করার সুবিধা আছে সরকারি ও বেসরকারি হাসপাতালে। অর্থাত্ ৯২ শতাংশ রোগীই এ চিকিত্সা পাচ্ছে না। অথচ এদের বেঁচে থাকার বিকল্প দুটি—ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন। দুটিই অত্যন্ত ব্যয়বহুল এবং এ ক্ষেত্রে সুযোগও সীমিত। এমন বাস্তবতায় আজ ১১ মার্চ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিডনি রোগ বিভাগের সাবেক প্রধান এবং বেসরকারি প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, কিডনি রোগীরা দুর্ভাগা। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সবাই চিকিত্সা করাতে পারে না। আবার বিপুলসংখ্যক রোগীকে চিকিত্সা দেওয়ার ব্যবস্থাও নেই। জনসচেতনতা গড়ে তোলাই কিডনি রোগ মোকাবিলার একমাত্র বিকল্প।জাতীয়ভিত্তিক জরিপ নেই: দেশে কিডনি রোগ নিয়ে জাতীয়ভিত্তিক কোনো জরিপ না থাকায় এ রোগে আক্রান্তদের সঠিক হিসাবও নেই। বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, কিডনি ফাউন্ডেশন এবং জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে, কিডনির কোনো না কোনো রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ।প্রায় দুই বছর আগে বিএসএমএমইউ ও কিডনি ফাউন্ডেশন যৌথভাবে ঢাকার সাভারের চাকুলিয়া গ্রামে জরিপ চালিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি (কিডনি রোগ) বিভাগের প্রধান ম. মুহিবুর রহমান বলেন, ওই জরিপে দেখা গেছে, ১৮ শতাংশ মানুষ কিডনির কোনো না কোনো রোগে ভুগছে। এ পরিসংখ্যানের ভিত্তিতে জাতীয় পর্যায়ে এক কোটি ৮০ লাখ মানুষের হিসাব দেওয়া হয়।যুক্তরাষ্ট্রে ২০০৩ সালের জরিপ অনুযায়ী, সে দেশে প্রাপ্তবয়স্কদের ১১ শতাংশ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এ হার অস্ট্রেলিয়ায় ১৬ ও আইসল্যান্ডে ১০ শতাংশ। অধ্যাপক হারুন বলেন, এসব দেশের তুলনায় এর হার বাংলাদেশে বেশি হওয়ার কথা। ডায়াবেটিসের রোগীর কিডনি রোগের ঝুঁকি থাকে। বাংলাদেশে ডায়াবেটিস রোগের প্রকোপ বেশি। চিকিত্সাসুবিধা অপ্রতুল: চিকিত্সকেরা জানান, কিডনি বিকল হওয়া রোগীদের সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হয়। প্রতিবার চার ঘণ্টা করে তা চলে। এ চিকিত্সা ব্যয়বহুল। ম. মহিবুর রহমান জানান, সরকার সারা দেশের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাতে ছয় মাসের জন্য রোগীপ্রতি ১৮ হাজার টাকা নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। অর্থাত্ প্রতিবারের জন্য নেওয়া হয় ৩৪৬ টাকা। তবে গতকাল দুজন রোগীর স্বজনেরা জানান, ফ্লুইড, ইনজেকশন, সুঁই ও স্যালাইন নিজেদের কিনতে হওয়ায় প্রতিবার খরচ এক হাজার টাকার বেশি হয়। এ ব্যাপারে হাসপাতালের এক কর্মকর্তা জানান, সব সময় ওষুধ বা অন্যান্য সামগ্রীর সরবরাহ না থাকায় কখনো কখনো রোগীপক্ষকেই সেসব কিনতে হয়। জানা যায়, বেসরকারি হাসপাতালে প্রতিবার ডায়ালাইসিস করাতে খরচ হয় ৬৫০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। এ প্রসঙ্গে অধ্যাপক হারুন একটি গবেষণা উদ্ধৃত করে বলেন, ডায়ালাইসিস শুরু হওয়ার পর তিন মাসের মধ্যে ৩৫ শতাংশ রোগী খরচ চালাতে না পেরে তা বন্ধ করে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে রক্ত পরিশোধনের ১৭টি হেমোডায়ালাইসিস যন্ত্রের ১৫টি চালু আছে। এগুলো সপ্তাহে ছয় দিন তিন পালায় চালু রেখে সেবা দেওয়া যায় ৩৩ জনকে। জানা যায়, ২০ শয্যার ডায়ালাইসিস-ব্যবস্থা থাকা কিডনি ফাউন্ডেশনে এ সেবা পাচ্ছে ২০০ রোগী। সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে হেমোডায়ালাইসিস যন্ত্র আছে সাড়ে পাঁচ শর কিছু বেশি। এগুলো দিয়ে সাকল্যে তিন হাজার জনের ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে।প্রতিস্থাপন আরও ব্যয়বহুল: কিডনি বিকল হওয়া রোগীদের বাঁচিয়ে রাখার অপর বিকল্প হচ্ছে কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট। সাধারণত রোগীর আত্মীয় (বাবা, মা, ভাই-বোন, আপন চাচা, মামা, ফুফু, খালা এবং স্বামী বা স্ত্রী) প্রয়োজনে কিডনি দান করতে পারেন। বিএসএমএমইউ, বারডেম, কিডনি ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনাইটেড হাসপাতাল এবং আল মারকাজুল ইসলাম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। এ ছয়টি প্রতিষ্ঠানে সব মিলিয়ে বছরে প্রায় ২০০ রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন হয়।হারুন আর রশিদ জানান, কিডনি ফাউন্ডেশনে সপ্তাহে একজনের কিডনি প্রতিস্থাপন করা হয়। এতে খরচ পড়ে দুই লাখ টাকা। সরকারি জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে এর খরচ পড়ে এক লাখ টাকার মতো বলে জানান ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। তবে কিডনিদাতা পাওয়া যায় না বলে এখানে নিয়মিত প্রতিস্থাপন হয় না। ইউনাইটেড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে খরচ হয় প্রায় আট লাখ টাকা। অধ্যাপক হারুনসহ কয়েকজন বিশেষজ্ঞ চিকিত্সক এ ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছেন। প্রয়োজন সচেতনতা: বিশেষজ্ঞরা জানান, কিডনি বিকল হওয়ার প্রধান কারণ তিনটি—নেফ্রাইটিস (ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যক্ষ্মা, ম্যালেরিয়া, ভাইরাসজনিত হেপাটাইটিস এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নেফ্রাইটিস হয়। আবার খাবারে ক্ষতিকর রাসায়নিকের কারণেও হতে পারে); ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। ৪০-এর বেশি বয়সী মানুষের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে তার কিডনি রোগের ঝুঁকি বেশি। তাই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। তাঁরা জানান, ক্ষুধামন্দা, বমিভাব, রক্তস্বল্পতা, অল্পতে হাঁপিয়ে যাওয়া, ঘুম না হওয়া, শারীরিক অবসন্নতা কিডনি রোগের উপসর্গ। ঘা-পাঁচড়া না থাকলেও শরীর চুলকায়—এটাও এ রোগের উপসর্গ। হারুন আর রশিদ ও মুহিবুর রহমান বলেন, এসব উপসর্গ দেখা দিলে কিডনির অবস্থা জানার জন্য চিকিত্সকের কাছে যাওয়া উচিত। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ওষুধের মাধ্যমে কিডনি সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য মানুষকে প্রাথমিক পর্যায়েই সচেতন হতে হবে। একটি সুস্থ কিডনি নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে—এ তথ্যটিও মানুষকে জানানো দরকার।অধ্যাপক হারুন জানান, মরণোত্তর কিডনি দানের মাধ্যমে একজন ব্যক্তি দুজনের জীবন রক্ষা করতে পারেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা কোনো রোগীর স্নায়বিক বিবেচনায় মৃত্যু (ব্রেইন ডেথ) ঘোষণা হলে এবং আত্মীয়রা সম্মতি দিলে তার কিডনি অন্যের দেহে সংযোজন করা আইনসিদ্ধ। তবে মৃত ঘোষণার সঙ্গে কিডনি রোগ চিকিত্সকের সংশ্লিষ্টতা থাকবে না। তিনি জানান, বিএসএমএমইউতে চিকিত্সা নিতে আসা ২০০ রোগীর ওপর চালানো সমীক্ষায় দেখা গেছে, ১৫ শতাংশ রোগীর আত্মীয় কিডনি দান করতে চায়। এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে।