কিডনি সংযোজন বন্ধ হয়ে গেছে: বিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি কিডনি সংযোজন সম্পর্কে চিকিত্সক ও সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে জড়িয়ে গণমাধ্যমে ঢালাওভাবে সংবাদ পরিবেশিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিত্সকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশে কিডনি-লিভার সংযোজন বন্ধ হয়ে গেছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতে অস্থিরতা ও উদ্ভূত পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব সারফুদ্দিন আহমেদ এ কথা বলেছেন।মতবিনিময় সভায় জানানো হয়, বিএমএ মনে করে, আমাদের দেশের উন্নত চিকিত্সা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ায় কিছু বিদেশি হাসপাতাল ঈর্ষান্বিত হয়ে রুগি পাচারের লক্ষ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। বিএমএ অরগান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট ১৯৯৯ সংশোধন এবং একটি অ্যাক্রিডেশন বোর্ড গঠনের মাধ্যমে কিডনি সংযোজনে আত্মীয় পরিচয় নির্ধারণ করে জটিলতা নিরসনের আহ্বান জানায়। বিএমএ আরও বলেছে, যদি কিডনি-লিভার সংযোজনে ব্যবসায়ী কর্মকাণ্ডে চিকিত্সকসহ কেউ জড়িত থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায়, জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্য নয়, এটিকে সেবা হিসেবে দেখতে হবে। আমাদের এখানে প্রতি ২৫ লাখ লোকের জন্য মাত্র একজন করে বিশেষজ্ঞ চিকিত্সক রয়েছেন।’সভায় বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি এম এ রউফ সরদার, সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।