কিডনির ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার
কিডনি কেনাবেচা চক্রের প্রধান তারেক আজিম ওরফে বাবুল চৌধুরীকে (৪৭) পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে।জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পরপরই তাঁকে নিয়ে অভিযান শুরু হয়েছে। আজ সকালে তাঁকে সাংবাদিকদের সামনে হাজির করা হবে।এর আগে ডিবি পুলিশ তারেকের সহযোগী সাইফুল ইসলাম দাউদকে বাগেরহাটের মোল্লাহাট থেকে গ্রেপ্তার করে। কিডনি কেনাবেচার মামলায় গ্রেপ্তারের পর সাইফুল গতকাল জয়পুরহাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি ওই চক্রের সঙ্গে জড়িত চিকিৎসক ও ক্লিনিকের নাম বলেন। সাইফুলের দেওয়া তথ্যে পুলিশ তারেককে গ্রেপ্তার করে।জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তারেক গত ২৮ আগস্ট কালাই থানায় কিডনি কেনাবেচা নিয়ে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। কালাই থানা ছাড়াও তাঁর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।কালাই থানার পুলিশ জানায়, তারেক ছদ্মনাম ব্যবহার করে দেশে-বিদেশে কিডনি কেনাবেচা চক্র নিয়ন্ত্রণ করতেন। তারেকের আসল নাম বাবুল চৌধুরী। বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামে। তারেক নিজেকে কখনো তারেক হোসেন আবার কখনো তারেক আজিম বা বাবুল চৌধুরী বলে পরিচয় দিতেন। ঢাকার কয়েকটি ব্যাংকে নামে-বেনামে তাঁর বিপুল অঙ্কের টাকা রয়েছে বলে পুলিশ জানতে পারে। কালাই থানার ওসি জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদের পর ঢাকায় অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, তারেক প্রায় এক যুগ ধরে কিডনি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর নেতৃত্বে ঢাকায় ১০-১২ জনের একটি দালাল চক্র রয়েছে। এ চক্রের সঙ্গে রাজধানীর নামীদামি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকেরা জড়িত। কিডনি ব্যবসার চক্রটি শুধু দেশে নয়, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে কিডনি কেনাবেচায় জড়িত। তিনি আরও জানান, তারেক ছদ্মনামে দালাল চক্র নিয়ন্ত্রণ করতেন। দালালেরা অর্থের লোভ দেখিয়ে গ্রাম থেকে অভাবী মানুষ ঢাকায় এনে চক্রের হাতে তুলে দিতেন।এর আগে বাগেরহাট থেকে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, রাজধানীর শ্যামলী ও মিরপুর এলাকায় তারেকের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।এদিকে কিডনি ব্যবসা চক্রের সঙ্গে জড়িত থাকার মামলায় গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম গতকাল জয়পুরহাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম সাইফুলকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে আবেদন জানান। জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর আলম তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল করিম প্রথম আলোকে জানান, সাইফুল ইসলাম তাঁর জবানবন্দিতে বলেছেন, কিডনি ব্যবসা চক্রের সঙ্গে অনেক চিকিৎসক ও ক্লিনিক জড়িত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত চত্বরে আসামি সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, একটি কিডনি বিক্রির দালালি করে তিনি ২০-২৫ হাজার টাকা পেতেন।