কিনারা হয়নি সানাউল্লাহ হত্যা মামলার
দুই বছরেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার ঘটনায় করা মামলার কিনারা হয়নি। তদন্ত কর্মকর্তাদের অভিযোগ, সাক্ষীরা সহযোগিতা করছেন না। বাদী বলছেন, আসামিরা সবাই জামিনে আছেন। তাঁদের নির্যাতন-নিপীড়নের ভয়ে সাক্ষীরা সাক্ষ্য দিতে পারছেন না।২০১০ সালের এই দিনে সন্ত্রাসীরা প্রকাশ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরকে হত্যা করে। বনপাড়া বাজারের শত শত লোকের উপস্থিতিতে ঘটনাটি ঘটে। ঘটনার ছবি সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও হত্যাকারীদের হামলার শিকার হন।সেদিন ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই দিন আমি সানাউল্লাহ নূরের রাজনৈতিক কর্ম দেখার জন্য ঘটনাস্থলে ছিলাম। ঘটনার সময় হত্যাকারীরা আমাকেও মারধর করে। গুরুতর আহত অবস্থায় আমি ভারতে চিকিত্সা নিয়ে কোনো রকম বেঁচে আছি। আমাদের দায়ের করা মামলারও কোনো অগ্রগতি নেই।’ঘটনার পর সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর বড়াইগ্রাম থানায় নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কে এম জাকির হোসেনকে প্রধান করে তাঁর সহোদর কে এম জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম জিল্লুর রহমান, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খোকন মোল্লাসহ ২৮ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন।প্রথমে নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান মামলাটির তদন্তভার নেন। তিনি জেলা থেকে বদলি হওয়ার পর মামলাটির তদন্তভার দেওয়া হয় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) আহাম্মদ আলীকে। দেড় বছরের বেশি সময় ধরে তিনি মামলাটি তদন্ত করছেন। তিনি জানান, এ পর্যন্ত মামলার ১০-১৫ জন (সুনির্দিষ্ট করে বলেননি) সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তিনি অবশ্য স্বীকার করেন, অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য এখনো নেওয়া হয়নি। তাঁদের অসহযোগিতার কারণে সাক্ষ্যগ্রহণে বিলম্ব হচ্ছে। তবে খুব শিগগির অন্য সাক্ষীদের সাক্ষ্য নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।মামলার প্রত্যক্ষ সাক্ষী বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি রফিক সর্দার অসহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা পুলিশের কাছে জবানবন্দি দিতে সব সময় প্রস্তুত। কিন্তু যখনই আমাদের জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হয়, তখনই পুলিশ বিভিন্ন মামলার অজুহাতে আমাদের তাড়াহুড়ো শুরু করেন। এতে তদন্ত কর্মকর্তার কাছে আমরা যেতে পারিনি।’ মামলার বাদী সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর একই কথা বলেন। তাঁর ভাষ্য, ‘এ সরকারের আমলে আমরা যথাযথ বিচার পাব না। আসামিরা সবাই জামিনে মুক্ত আছেন। মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা কে এম জাকির হোসেন বর্তমানে বনপাড়া পৌরসভার মেয়র ও আসামি খোকন মোল্লা স্থানীয় জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁদের হুমকির মুখে আমিসহ আমার সাক্ষীরা সব সময় নিরাপত্তাহীনতায় রয়েছি।’ নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান বলেন, এটি একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলা। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি তদন্ত করতে হয়তো কিছু সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা চলছে।