কিন্ডারগার্টেন নিয়ে সুপারিশ আট বছর ফাইলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট বছর আগে অভিন্ন নীতিমালার আওতায় দেশের সব নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলকে নিবন্ধন করার সুপারিশ করেছিল সরকার। সে সুপারিশ সরকার নিজেই বাস্তবায়ন করতে পারেনি। সরকারের তরফ থেকে শুধু বারবার নিবন্ধন করার উদ্যোগের কথা বলা হয়েছে। এ অবস্থায় গ্রাম-গঞ্জ ও শহরের অলিগলিতে গড়ে উঠছে অসংখ্য কিন্ডারগার্টেন। এসব প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান নিয়ে কারও কোনো ধারণা নেই।এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধন করার জন্য নীতিমালা করা হচ্ছে। আইনগত বিষয়গুলো দেখার জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছর ৩১ জুলাই তখনকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব তাহমিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অভিন্ন নীতিমালার আওতায় আনার জন্য কিছু সুপারিশ করা হয়। এসব সুপারিশের মধ্যে ছিল বাংলা মাধ্যমের সব কিন্ডারগার্টেন স্কুলকে দেড় হাজার টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। আর প্রতি বছর এক হাজার টাকা দিয়ে নিবন্ধন নবায়ন করতে হবে।সুপারিশে আরও বলা হয়েছিল, ঢাকা মহানগর ও অন্যান্য বিভাগীয় শহরে শিক্ষাপ্রতিষ্ঠান করতে হলে কমপক্ষে তিন থেকে পাঁচ কাঠার নিজস্ব জমির ওপর ন্যূনতম দুই হাজার বর্গফুট আয়তনের ভবন থাকতে হবে। আর জেলা ও উপজেলায় ন্যূনতম ১০ শতক জমি থাকতে হবে। ভাড়া করা ভবনেও বিদ্যালয় পরিচালনার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছিল। সুপারিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরেও পাঠানো হয়েছিল।একই সময়ে কিন্ডারগার্টেন স্কুল-মালিকদের পক্ষ থেকেও কিছু সুপারিশ করে একটি অভিন্ন নীতিমালার সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হয়। তাতে নিবন্ধন, প্রতিষ্ঠানের আয়তন, পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচি—এসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ ছিল। কিন্তু ২০০৩ সালের পর নীতিমালা ও নিবন্ধনের উদ্যোগ আর এগোয়নি।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কিন্ডারগার্টেন স্কুল-মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর দেশে বেসরকারি উদ্যোগে কিন্ডারগার্টেনের যাত্রা শুরু হয়। তবে শুরুতে রাজধানী ও বড় বড় শহরে এসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছোট শহর, উপজেলা সদর ও গ্রামেও কিন্ডারগার্টেন গড়ে উঠছে।ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অলিগলিতে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন। শ্যামলীর ২ ও ৩ নম্বর সড়ক এবং পশ্চিম আগারগাঁওয়ে বেশ কিছু কিন্ডারগার্টেন চোখে পড়ে। ২ নম্বর সড়কে প্রিমরোজ কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এবং কয়েকটি বাড়ির পর ৩ নম্বর সড়কে ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম) নামে দুটি প্রতিষ্ঠান। ম্যারিগোল্ড স্কুলের প্রধান শিক্ষকা প্রথম আলোকে জানান, তাঁদের বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বাংলা মাধ্যমে ভর্তির সময় শিক্ষার্থীকে তিন হাজার টাকা দিতে হয় এবং প্রতি মাসের বেতন ৩৫০ টাকা।সেখান থেকে শ্যামলীর পুরোনো কাজি অফিস হয়ে পশ্চিম আগারগাঁওয়ের দিকে কিছুদূর গেলেই দেখা যায় কর্ডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। এই বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বলে সাইনবোর্ডে লেখা আছে। এর কাছাকাছি মর্নিংসান কিন্ডারগার্টেন ও জুনিয়র হাইস্কুল, মোমতাজ মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুল নামে আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। দেয়ালে সাঁটা ৩০ পশ্চিম আগারগাঁওয়ে মাতৃছায়া বিদ্যানিকেতন ও ৮২ পশ্চিম আগারগাঁওয়ে তাওহীদ ল্যাবরেটরি স্কুলে ভর্তির বিজ্ঞাপন চোখে পড়ে। আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। শুধু শ্যামলী বা আগারগাঁওয়ে নয়, ঢাকা মহানগরসহ প্রায় সারা দেশে এ রকম বাহারি নামে গড়ে উঠছে অসংখ্য কিন্ডারগার্টেন ।দেশে এ রকম কত কিন্ডারগার্টেন আছে, তার কোনো তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নেই। কিন্ডারগার্টেন স্কুলের মালিকেরাও এর সংখ্যা জানেন না। কিছু প্রতিষ্ঠানের মালিকেরা মিলে আবার আলাদা আলাদা সংগঠন তৈরি করেছেন। এ রকম একটি সংগঠন বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। জানতে চাইলে সংগঠনটির সভাপতি রেজাউল হক প্রথম আলোকে বলেন, প্রকৃত সংখ্যা দেওয়া সম্ভব নয়। তবে সারা দেশে ৩০ হাজারেরও বেশি কিন্ডারগার্টেন আছে। শিক্ষার্থীর সংখ্যা কোনো কোনোটিতে ৪০০ বা ৫০০। আবার এক-দেড় শও আছে।কিন্ডারগার্টেন স্কুলগুলো নিবন্ধিত হতে চায় উল্লেখ করে রেজাউল হক বলেন, ‘একটি মুদি দোকানেরও এখন নিবন্ধন আছে। অথচ আমাদের নেই। আমরা নিবন্ধন হতে চাই ও একটি নীতিমালা চাই।’ বর্তমানে যত্রতত্র কিন্ডারগার্টেন গড়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, নীতিমালা হলে এটা কমবে।সাধারণভাবে কিন্ডার-গার্টেনগুলোতে প্রাক্-প্রাথমিকস্তরের (প্লে-গ্রুপ, নার্সারি ও কেজি) শিক্ষা দেওয়া হয়। কিন্তু এসব প্রতিষ্ঠানে দশম শ্রেণী পর্যন্তও পড়ানো হচ্ছে। তবে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা ধরনের সমস্যার কথাও জানা গেছে। শিক্ষার্থীদের বোর্ডের বইয়ের বাইরে সহশিক্ষা পাঠ্যক্রমে কোনো সমন্বয় নেই। কিন্ডারগার্টেনগুলো তাদের ইচ্ছামতো বই বাছাই করে শিক্ষার্থীদের পড়ায়। শিক্ষার্থীদের বেতনের ক্ষেত্রে আছে স্বেচ্ছাচারিতার অভিযোগ। ভর্তির সময় এককালীন কয়েক হাজার টাকা নেওয়া হয়। মাসিক বেতনেরও কোনো সীমা নির্ধারণ নেই। তা ছাড়া শিক্ষাবছরের মধ্যখানে নানা অজুহাতে বিভিন্ন ধরনের ফি নেওয়া হয়।