কিন্ডারগার্টেনে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পাঠ্যপুস্তক পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার বিভিন্ন এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ২৫টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী বিনা মূল্যের পাঠ্যপুস্তক না পাওয়ায় বিপাকে পড়েছে। জানুয়ারি মাসের শুরুতেই এসব বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হলেও তারা পাঠ্যপুস্তক পায়নি।বিনা মূল্যের পাঠ্যপুস্তক শুধু সরকার স্বীকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সংরক্ষিত থাকায় কিন্ডারগার্টেনে অধ্যয়নরত বিপুলসংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পায় না। সরকারি নীতিমালার কারণে এসব কিন্ডারগার্টেনের বিপুলসংখ্যক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বাইরে থেকে পুরোনো ও অবৈধভাবে বিক্রীত বই চড়া দামে কিনে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করছে। বরগুনা ক্যালিক্স অ্যাকাডেমির পরিচালক মুনিরুজ্জামান বলেন, বিগত দিনে আমরা যেকোনো উপায়েই হোক, বাইরে থেকে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের পড়াশোনার কাজ চালিয়ে গেছি। কিন্তু এ বছর সংকট আগের চেয়ে বেশি। কারণ এতদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসের পাঠ্যপুস্তক একবার সংগ্রহ করে প্রতি বছর পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে পারলেও এবার অনেক পুরোনো বই আর কাজে আসবে না। কারণ, এ বছর বেশিরভাগ পুরোনো বই পাল্টে নতুন করে মুদ্রিত হয়েছে। ফলে শিক্ষা বছরের শুরুতে কিন্ডারগার্টেনের কোনো শিক্ষার্থীই এবার বই পায়নি। গত বছর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, একটি নির্ধারিত মূল্যে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে, কিন্তু পরে তা দেওয়া হয়নি। এ বছরও অনুরূপভাবে তালিকা নেওয়া হয়েছে, কিন্তু আদৌ বই দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় কমপক্ষে ২৫টি কিন্ডারগার্টেনে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে জেলা সদরের ১২টি কিন্ডারগার্টেনে প্রায় আড়াই হাজার, পাথরঘাটার তিনটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ৭০০, আমতলীর চারটি কিন্ডারগার্টেনে ৯০০, বেতাগীর দুটি কিন্ডারগার্টেনে ৪০০ এবং বামনা উপজেলার দুটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।