কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের আলোচিত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেনেড হামলার পরিকল্পনাকারী, মদদদাতাকে খুঁজে বের করতে আজ বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ ইতিপূর্বে দাখিল করা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজির শুনানি শেষে এ আদেশ দেন।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটো মামলা করেন।আদালত সূত্র জানায়, গত ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দাখিলের পর কিবরিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করেন। হবিগঞ্জ আদালতে গত ২৮ জুন কিবরিয়ার পরিবারের পক্ষে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঁইয়া বাবুল অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্ত দাখিল করতে চাইলে আদালত থেকে নারাজি দরখাস্ত সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়। গত ২৫ অক্টোবর ধার্য করা তারিখে আদালতে নারাজি দরখাস্ত গ্রহণের পর শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার শুনানিতে সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ, মামলার সরকার পক্ষের আইনজীবী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর অংশ নেন। এ সময় কিবরিয়া পরিবারের পক্ষে নারাজি দরখাস্ত দাখিলকারী আইনজীবীরা উপস্থিতি ছিলেন। আদালত শুনানি শেষে আদেশের জন্য ৫ জানুয়ারি (আজ) মামলার নতুন তারিখ ধার্য করেছিলেন। আদালত সূত্র জানায়, সিআইডির দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে বিগত চারদলীয় জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ঘটনার অন্তরালে বিগত সরকার আমলের আরও শীর্ষস্থানীয় ও প্রভাবশালীরা জড়িত থাকতে পারেন বলে অধিকতর তদন্ত চেয়ে দাখিল করা অভিযোগপত্রের ওপর নারাজি মঞ্জুর করে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।