কিবরিয়া হত্যা মামলার আসামি মিঠু ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি মিজানুর রহমান মিজান ওরফে মিঠুকে সাত দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। সিআইডি পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে হবিগঞ্জের মুখ্য বিচারিক আদালতের হাকিম শামসুল ইসলাম আজ বুধবার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত রোববার মধ্যরাতে মিঠুকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তাঁর বোনের বাড়ি থেকে আটক করে। মিঠুর ১০ রিমান্ড চেয়ে সিআইডি পুলিশ গতকাল মঙ্গলবার আদালতে আবেদন জানায়। আদালত ওই দিন কোনো আদেশ না দিয়ে আজ রিমান্ডের ওপর শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় গ্রেপ্তারকৃত মিঠু আদালতকে জানান, নিহত কিবরিয়া দেশবরেণ্য ব্যক্তিত্ব। তাঁর হত্যাকাণ্ডের বিষয়ে তাঁর জানা সব তথ্য তিনি আদালতকে জানাবেন। মিঠু আদালতের কাছে প্রার্থনা জানান, আজ থেকে পাঁচ বছর আগে তাঁর বয়স কত ছিল সেই বিষয়টি যেন আদালত বিবেচনায় নেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আকবর হোসেন, আলমগীর ভূঁইয়া ও ত্রিলোক কান্তি চৌধুরী। আসামি পক্ষে সফিকুর রহমান চৌধুরী মামলা পরিচালনা করেন।মিঠুর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। কিবরিয়া হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, মুফতি হান্নান, মুফতি মইন আবু জান্দাল, মহিবুর রহমান, বদরুল এনাম মিজান, শরীফ সাহেদুল আলম, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে লিমু।বর্তমানে মামলাটি অধিকতর তদন্তে রয়েছে।