কিবরিয়া হত্যা মামলায় বাবর আবারও ৫ দিনের রিমান্ডে
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার ১০ দিনের রিমান্ড চেয়ে সিআইডি আদালতে আবেদন জানালে হবিগঞ্জের মুখ্য বিচারিক আদালতের হাকিম শামছুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে বাবরকে এ মামলায় দুইবার রিমান্ডে নেওয়া হলো।আজ বিকেলে লুত্ফুজ্জামান বাবরকে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে রিমান্ড শুনানির জন্য হাজির করা হয়। এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বাবরের ১০ দিনের রিমান্ড চেয়ে এ আবেদন করেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, বাবরকে আগের জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। পাশাপাশি এ মামলার অন্যতম আসামি মিজানুর রহমান মিজান ওরফে মিঠুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার আরও তথ্য উদঘাটনে আসামি বাবরকে আরও ১০ দিনের রিমান্ডের প্রয়োজন। বিচারক হাকিম শামছুল ইসলাম আবেদনটি শুনানির জন্য আজ দিন ধার্য করেন। শুনানি শেষে হাকিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১১ ফেব্রয়ারি বাবরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলার অন্য আসামি মিজানুর রহমান মিজান ওরফে মিঠুও বর্তমানে রিমান্ডে।তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কিবরিয়া হক্যাকাণ্ডের আরও তথ্য উদঘাটনে মিঠু ও বাবরকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। এতে হয়তো আরও তথ্য পাওয়া যাবে।