কিবরিয়া হত্যা মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জড়িত সন্দেহে গত চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে বাবরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম আজ আদালতে বাবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক শামছুল ইসলাম আবেদনটি মঞ্জুর করেন। পাশাপাশি এ মামলায় বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ১১ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।রফিকুল ইসলাম আদালতে বলেন, ২১ আগস্ট হামলা মামলায় জিজ্ঞাসাবাদে লুত্ফুজ্জামান বাবর তাঁর কাছে কিবরিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এ ছাড়া কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার অন্য আসামি মুফতি হান্নানের কাছ থেকে এই হত্যাকাণ্ডে বাবরের সম্পৃক্ততার ব্যাপারে তথ্য পেয়েছেন তিনি। তাই বাবরকে কিবরিয়া হত্যাকাণ্ডে গ্রেনেড সরবরাহকারী, সংগ্রহকারী ও মদদদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।শুনানি শেষে সাবেক লুত্ফুজ্জামান বাবরকে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, বাবরসহ এ পর্যন্ত সাতজনকে কিবরিয়া হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।