কিবরিয়া হত্যা মামলায় স্ত্রী আসমার নারাজি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের বিপরীতে নারাজি আবেদন করেছেন তাঁর স্ত্রী আসমা কিবরিয়া। আসমা কিবরিয়ার পক্ষে আইনজীবী আলমগীর ভূঁইয়া ও ত্রিলোক কান্তি চৌধুরী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আমলি আদালতে আবেদনটি করেন।আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস জানান, এ মামলার মূল নথি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছে। তাই আবেদনটি মূল নথির সঙ্গে যুক্ত করতে আদালতের মাধ্যমে সিলেটে পাঠানো হবে।২০ জুন কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেয় সিআইডি। অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে নতুন করে আসামি করা হয়েছে। সিআইডি সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে সম্পূরক অভিযোগপত্রে তাঁদের আসামি রাখতে হয়েছে। তাঁদের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন। তাঁরা সবাই উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন।গত ২৫ মে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার কথা ছিল। এ জন্য ওই দিন অভিযোগপত্র হবিগঞ্জের আদালতে নেওয়াও হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করা হয়।সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার পরপরই আসমা কিবরিয়া প্রথম আলোকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, ‘আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। আমার সঙ্গে কোনো কথা না বলেই হুট করে তারা একটা অভিযোগপত্র দিয়ে দিল। আমি খুবই দুঃখ পেয়েছি। আমি এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করছি। আমি নারাজি আবেদন করব।’