কিবরিয়া হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনা তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনটি খুঁজে পাচ্ছে না সিআইডি। বহুল আলোচিত এই মামলার বর্ধিত তদন্তের জন্য তদন্তকারী সংস্থা সিআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রতিবেদনটি চেয়েছে। কিন্তু দুই সপ্তাহ খুঁজেও তা পাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্ত কমিটির সদস্যরা জানান, তত্কালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকের হাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।সূত্র জানায়, কী করে এ প্রতিবেদন উধাও হলো তা বলতে পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল রাতে সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকের বাসার টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদকের কাছে আলোচনার বিষয় জানতে চান। বিষয়টি বলার সঙ্গে সঙ্গে তিনি ‘না না, এ বিষয়ে না’—বলেই ফোন রেখে দেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে তদন্ত প্রতিবেদন উধাও হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।সিআইডির কর্মকর্তারা জানান, এই প্রতিবেদনের মাধ্যমেই কিবরিয়া হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়া হয় এবং সাজানো অভিযোগপত্র দেওয়া হয়। তবে আদালতের নির্দেশে এখন বর্ধিত তদন্ত চলছে।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ করে জানতে পারেন, কিবরিয়া হত্যাসংক্রান্ত মন্ত্রণালয়ের ফাইলে অন্য সব কাগজপত্র থাকলেও তদন্ত প্রতিবেদন নেই। পুলিশের সিলেট রেঞ্জ কার্যালয়ে প্রতিবেদন জমা নেওয়াসংক্রান্ত একটি চিঠি আছে। কিন্তু তাতেও প্রতিবেদনটি নেই। সিআইডির কার্যালয়ে মামলার মূল যে নথি (ডকেট) আছে, তাতেও তদন্ত প্রতিবেদন নেই।সিআইডির কর্মকর্তারা জানান, প্রতিবেদনের ব্যাপারে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ও তদন্ত কমিটির প্রধান এ কে এম মাহফুজুল হককে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সিলেট রেঞ্জের তত্কালীন ডিআইজি এ কে এম মাহফুজুল হককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্য সদস্যরা ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুর রহিম, র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর মঈনুল হোসেন, ডিজিএফআইয়ের প্রতিনিধি মেজর মামুন ও এনএসআইয়ের প্রতিনিধি মেজর আফজাল তারেক। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির তত্কালীন এএসপি মুন্সি আতিকুর রহমানকে এর সঙ্গে যুক্ত করা হয়। ২০০৫ সালের ৩০ জানুয়ারি এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়। কমিটির সদস্যরা এক মাস তদন্তের পর প্রতিবেদন জমা দেন।তদন্ত প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে সিলেট রেঞ্জের তত্কালীন ডিআইজি ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম মাহফুজুল হক (এখন ওএসডি) প্রথম আলোকে বলেন, কমিটির প্রধান হিসেবে তিনি তদন্ত কমিটির প্রতিবেদন তত্কালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকের কাছে জমা দিয়েছিলেন। এরপর আর কিছুই জানেন না। সিলেট রেঞ্জ অফিসে প্রতিবেদন না থাকা প্রসঙ্গে তিনি বলেন, অত পুরোনো কথা মনে নেই। প্রতিবেদন নিয়ে সিআইডির খোঁজখবর করার কথা জানতে চাইলে মাহফুজুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুলিপি না পাওয়ার পর সিআইডি থেকে জানতে চাওয়া হয়, তাঁর কাছে তদন্ত প্রতিবেদনের অনুলিপি আছে কি না। তিনি সিআইডিকে জানান, কোনো অনুলিপি তিনি রাখেননি।তদন্ত প্রতিবেদনের মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাহফুজুল হক বলেন, খুব কম সময়ে ওই প্রতিবেদন দেওয়া হয়েছিল। ওই সময় পর্যন্ত তাঁরা তদন্তে যা পেয়েছিলেন, তাই প্রতিবেদনে উল্লেখ করেন। তদন্ত কমিটি প্রভাবিত ছিল না বলে তিনি দাবি করেন। মামলার তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আটটি সেট তত্কালীন স্বরাষ্ট্রসচিবের কাছে জমা দেওয়া হয়। এর কোনো অনুলিপি তাঁর কাছে বা মামলার নথিতে ছিল না। তিনি জানান, প্রথম পর্যায়ে ওই তদন্ত প্রতিবেদনের মতো করে তিনিও মামলার অভিযোগপত্র দেন। কিন্তু পরে জানতে পারেন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) বাংলাদেশের একাংশের শীর্ষস্থানীয় নেতা মুফতি হান্নানের পরিকল্পনা অনুযায়ী এ হামলা হয়েছে। মুফতি হান্নান এর সঙ্গে জড়িত থাকার কথা নিজে স্বীকারও করেন। এরপর মামলাটি পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। এখন আদালতের নির্দেশে বর্ধিত তদন্ত চলছে। সিআইডির কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে হরকাতুল জিহাদের নেতৃত্বেই এ হামলা হয়েছে।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, শাহ মঞ্জুরুল হুদা, সিদ্দিক আলী, আবদুর রহিম ও আবদুল হোসেন নিহত এবং ৭০ জন আহত জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রে জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইউম, জেলা বিএনপির কর্মী ও ব্যাংক কর্মকর্তা আয়াত আলী, কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, জিয়া স্মৃতি গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাহেদ আলী, কর্মী তাজুল ইসলাম, বিএনপির কর্মী জয়নাল আবেদীন, জালাল ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী, ওয়ার্ড বিএনপির নেতা জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমানকে অভিযুক্ত করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনেও তাঁদের অভিযুক্ত করা হয়।অভিযোগপত্র দেওয়ার পর মামলার বাদী আবদুল মজিদ ২০০৬ সালের ৩ মে সিলেট দ্রুত বিচার আদালতে নারাজি আবেদন করেন। আদালত তাঁর আবেদন খারিজ করলে ১৪ মে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ‘কেন অধিকতর তদন্ত করা যাবে না’ মর্মে সরকারের প্রতি রুল জারি করেন। এই রুলের বিরুদ্ধে সরকার ২০০৬ সালের ১৮ মে লিভ টু আপিল করে। আপিল বিভাগ সরকারের আপিল খারিজ করেন। এরপর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। এর দায়িত্ব দেওয়া হয় সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে। এখন তিনিই মামলার তদন্ত করছেন।বর্ধিত তদন্তে কী পাওয়া গেল: প্রায় আড়াই বছর তদন্ত করে সিআইডির কর্মকর্তারা জানতে পারেন যে অভিযোগপত্রে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, সেই ১০ জনের কেউ এর সঙ্গে জড়িত নন। এ ঘটনায় হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের নেতা বদরুল আলম ওরফে মিজান ও হাফেজ সৈয়দ নাইম আহমেদ ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দেন। জিজ্ঞাসাবাদে মিজান জানান, ঘটনার দিন সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ের মিঠু, বদরুল ও মোহাম্মদ আলীকে নিয়ে তিনি সমাবেশে গ্রেনেড হামলা চালান। এ মামলায় ছয়জন আসামি কারাগারে আছেন। তাঁরা হচ্ছেন মুফতি হান্নান, মহিব উল্লাহ ওরফে অভি, শাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু, বদরুল আলম মিজান ও আবু জান্দাল। কিবরিয়া হত্যা মামলাসহ চাঞ্চল্যকর পাঁচটি মামলা তদারকির দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ফণী ভূষণ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রকৃত অপরাধীদের বাঁচাতে মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। এখন তদন্ত হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।