কিবরিয়া হত্যার বিচার না হওয়ায় অন্যরাও হুমকির মুখে: আকবর আলি খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, কিবরিয়ার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়টি অন্যান্য বুদ্ধিজীবীর জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। মামলার তদন্তে প্রয়োজনে জাতিসংঘের কাছে সাহায্য চাওয়া যায় বলেও মনে করেন তিনি।আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আকবর আলি খান এসব কথা বলেন। ‘শাহ এ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার জাতীয় দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ।প্রয়াত কিবরিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আকবর আলি খান বলেন, কিবরিয়া পুরোপুরিই ছিলেন চিন্তা-চেতনায় একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের অন্যতম কূটনৈতিক ও বাংলার অর্থনীতিতে তাঁর অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কিবরিয়া বাংলাদেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের ভাতার প্রচলন করেছিলেন।আকবর আলি খান অবিলম্বে এ মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি চান। কিবরিয়ার স্মৃতি সংরক্ষণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তাঁর নামে চেয়ার প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কিবরিয়ার চিন্তা-চেতনায় কোনো মেকি ভাব ছিল না। তিনি ছিলেন উদার ও অসাম্প্রদায়িক। তাই সাম্প্রদায়িক শক্তি তাঁকে ঠিকভাবে চিনতে পেরে হত্যার তালিকায় নিয়ে যায়। বিগত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের হাতে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা করতে চাই। বর্তমানে যুদ্ধাপরাধের বিচারসহ ১২টি মামলা সরকারের কাছে অগ্রাধিকার পাওয়ার তালিকায় আছে। এর মধ্যে একটি কিবরিয়া হত্যা মামলা। এ সরকার এই মামলার বিচার করতে বদ্ধপরিকর।’আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, ‘গত পাঁচ বছরে এ মামলার সুষ্ঠু বিচার হয়নি। বর্তমান সরকারের আমলে এ হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা হবে।’সভায় মামলার বাদী সাংসদ মজিদ খান বঙ্গবন্ধুর হত্যার বিচারের মতো বর্তমান সরকারের আমলেই কিবরিয়া হত্যার সুষ্ঠু বিচার হবে বলে প্রত্যাশা করেন।সভায় আরও বক্তব্য দেন সাংসদ আবদুল মান্নান, সাবেক উপদেষ্টা সি এম শফি সামী ও কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান।উল্লেখ্য, গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি নিহত হন।