কিম উনের সঙ্গে রহস্যময় নারী
উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উনের সঙ্গে দেখা এক নারীকে নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নারীটি কে, তা নিয়ে উত্তর কোরীয়দের মধ্যে এবং গণমাধ্যমে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।গত শুক্রবার সন্ধ্যায় ডিজনির কার্টুন চরিত্রগুলোকে নিয়ে একটি প্রদর্শনী হয়। সেখানে মিনি মাউস, স্নো হোয়াইট, বিউটি অ্যান্ড দ্য বিস্ট—এসব চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যের প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীতেই কিম জং উনের পাশে দেখা গেছে সেই নারীকে। ২২ থেকে ২৩ বছর বয়সী ওই নারীর পরনে ছিল কালো রঙের স্যুট। তাঁর চুল ছিল ছোট। ওই প্রদর্শনীর পরে আরেকটি অর্কেস্ট্রা অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে দেখা যায় সেই নারীকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত এক ফুটেজে কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের শেষকৃত্যানুষ্ঠানের ফুটেজও দেখানো হয়। সেখানে কিম জং উনের পাশে ওই নারীকে মৃত কিম ইল সাংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে। কিম ইল সাংয়ের একটি ছবির সামনেও কিম জং উনের পাশে শ্রদ্ধা জানাতে দেখা গেছে ওই নারীকে।দক্ষিণ কোরিয়ার কয়েকটি গণমাধ্যমকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, নারীটি কিম জং উনের ছোট বোন ইয়ো জং। ১৯৯০-এর দশকে সুইজারল্যান্ডে উনের সঙ্গে পড়াশোনা করেছেন ছোট বোন ইয়ো জং। আবার কিছু গণমাধ্যম বলছে, নারীটি কিমের স্ত্রী অথবা প্রেমিকা হতে পারে।এদিকে সিউলের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত শুক্রবারে উত্তর কোরিয়ার ওই কনসার্টে স্নো হোয়াইট, বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো ডিজনি চলচ্চিত্র দেখানো হয়। এর চরিত্রগুলো সবই পশ্চিমা বিশ্বে জনপ্রিয়। এতে বিশ্লেষকেরা মনে করছেন, উত্তর কোরিয়ায় পশ্চিমা সংস্কৃতির এক ধরনের প্রবাহ যাচ্ছে। উত্তর কোরিয়ার অধ্যাপক কো ইউ হুয়ান জানান, কিম জং উন উত্তর কোরিয়ায় পশ্চিমা সংস্কৃতির প্রবেশকে অনেকটা সহজ করে তুলেছেন।কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানায়, কোরিয়ার সংস্কৃতি জগতে কিম জং উন বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন।