কিম জং ইলের উত্তরসূরি হচ্ছেন উন!
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল-পরবর্তী উত্তরসূরি হিসেবে তাঁর তৃতীয় ও ছোট ছেলে কিম জং উনকে নির্বাচন করে গেছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রয়াত কিম জং ইলের ছেলে কিম জং উনকে তাঁর ‘যোগ্য উত্তরসূরি’ হিসেবে উল্লেখ করেছে।উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল গত শনিবার মারা যান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ সোমবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কিম জং ইলের প্রয়াত তৃতীয় স্ত্রী কো ইয়ং হুইয়ের ছেলে হচ্ছেন কিম জং উন।প্রথম দিকে অবশ্য জং উনকে তাঁর বাবা কিম জং ইলের উত্তরাধিকারী হিসেবে ভাবা হতো না। বিশ্লেষকেরা তখন উনের বড় ভাই কিম জং চোল ও সত্ভাই কিম জং ন্যামকে তাঁদের বাবা জং ইলের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে মনে করেছিলেন। কিন্তু ২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ এক প্রতিবেদনে জানায়, কিম জং ইল উত্তরাধিকারী হিসেবে জং উনকে নির্বাচন করেছেন। উন বর্তমানে দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকেরা প্রতিরক্ষা কমিশনে উনের নিয়োগকে কিমের উত্তরসূরি বানানোর পদক্ষেপ হিসেবেই দেখেছেন। কারণ, দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এ কমিশনের চেয়ারম্যান ছিলেন কিম জং ইল।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, স্ত্রীদের মধ্যে উনের মা জং ইলের সবচেয়ে পছন্দের ছিলেন। ২০০৪ সালে উনের মা স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে কিম জং ইলের অনুপস্থিতিতে নেতৃত্বের আলোচনায় উনের নাম চলে আসে।গত বছরের আগস্টে কিম জং ইল চীন সফর করেন। সেই সময় দক্ষিণ কোরিয়ার একটি টিভি চ্যানেল জানিয়েছিল, সফরে বাবার সফরসঙ্গী ছিলেন সুইজারল্যান্ডে পড়াশোনা করা উন।