কিম জং উনের সম্ভাব্য শত্রু-মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর তাঁর ছোট ছেলে কিম জং উনকে দেশটির মহান উত্তরসূরি হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু উনের বয়স কম। এত অল্প বয়সে তিনি উত্তর কোরিয়ার মতো একটি দেশের নেতৃত্ব দিতে পারবেন কি না, তা নিয়ে বিশ্বের বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। এরই মধ্যে অনেকেই নতুন নেতা কিম জং উনের সম্ভাব্য শত্রু-মিত্রের হিসাব কষে ফেলেছেন।২০১০ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে কিম জং উন চার তারকাবিশিষ্ট জেনারেল এবং একই সঙ্গে পার্টির কেন্দ্রীয় সেনা কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তখনই ধারণা করা হচ্ছিল, কিম জং উনই হচ্ছেন তাঁর বাবার উত্তরসূরি। ওই ঘটনার পর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে একাধিকবার কিম জং-ইলের সঙ্গে কিম জং উনকে দেখা গেছে।উত্তর কোরিয়ায় বংশানুক্রমিক শাসনব্যবস্থা চালু রয়েছে। তাই কিম জং-ইলের মৃত্যুর পর দেশটির গণমাধ্যমে তাঁর ছোট ছেলে কিম জং উনকে ‘মহান উত্তরসূরি’ হিসেবে ঘোষণা করায় অবাক হওয়ার মতো কিছু ছিল না। বিশ্লেষকদের মতে, দেশটিতে বিদ্যমান বংশানুক্রমিক শাসনধারার কারণে ক্ষমতা ধরে রাখা নিয়ে প্রাথমিকভাবে তরুণ নেতা কিম জং উনকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না।কোনো কোনো বিশ্লেষকের মতে, কিম জং উন অল্প বয়সেই বড় দায়িত্ব পেয়ে গেছেন। তা ছাড়া রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতাও তাঁর নেই বললেই চলে। তাই অন্তরালে থাকা সেনাবাহিনী, পার্লামেন্টের সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে।আবার কোনো কোনো বিশ্লেষকের মতে, তরুণ নেতা কিম জং উন হবেন উত্তর কোরিয়ার আলংকারিক প্রধান। অন্তরালে থেকে অভিজ্ঞ গোষ্ঠীরাই জোটবদ্ধ হয়ে সরকার চালাবে।বিশ্লেষকদের মতে, তরুণ উন তাঁর বাবার বোন কিম কায়ং হুই ও তাঁর স্বামী চ্যাং সং তায়েকের কাছ থেকে সরাসরি এবং সবচেয়ে বেশি সহায়তা ও পরামর্শ পাবেন।জানা যায়, কিম কায়ং হুই দেশটির সাবেক হালকা শিল্পবিষয়ক মন্ত্রী ও দলের পলিটব্যুরোর সদস্য ছিলেন। গত বছর পার্টির সম্মেলনে তিনি চার তারকা জেনারেলের পদ পান। এ ছাড়া তাঁর তরুণ কিম জং উনকে নেতা হিসেবে গড়ে তোলা ও পরামর্শ দেওয়ার জন্য কিম কোয়াং হুইয়ের স্বামী জাং সং থায়েককে নিয়োগ করা হয়।চ্যাং সং থায়েকও পার্টির পলিটব্যুরোর সদস্য। এ ছাড়া তিনি ২০০৯ সালে দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। চ্যাং সং থায়েক প্রয়াত কিম জং-ইলের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।বিশেষ করে কিম জং-ইলের অসুস্থতার সময় তাঁর উত্তরসূরি নির্বাচন এবং যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থায়েক। তবে অনেকেই তাঁকে তরুণ কিমের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। কারণ সরকারের মধ্যে তাঁরও ক্ষমতার বলয় রয়েছে।তা ছাড়া অনেকের মতে, চীনের কাছে উনের চেয়ে থায়েকই বেশি পছন্দের পাত্র। তাই কেউ কেউ মনে করছেন, থায়েক নিজেই ক্ষমতা দখল করতে পারেন।ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্য রি ইয়ং হোকে ক্ষমতা দিয়ে গেছেন প্রয়াত কিম জং-ইল। হো তরুণ নেতা উনের বেশ ঘনিষ্ঠ। রি ইয়ং হো সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান। তা ছাড়া কিম জং-ইলের অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির তালিকায় চার নম্বরে রয়েছে তাঁর নাম। এ বিষয়টি থেকেই সরকারে তাঁর গুরুত্বের দিকটি বোঝা যায়।এর পাশাপাশি সেনাবাহিনী, দল, সেনা কমিশন ও দলের পলিটব্যুরোতে রি ইয়ং হোর অবস্থান সুসংহত। তরুণ নেতা উনের এগিয়ে চলার পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পূর্ব এশিয়ান ইকোনমি অ্যান্ড সোসাইটির অধ্যাপক রুডিগার ফ্রাঙ্ক মনে করেন, দেশটির পার্লামেন্টের প্রধান কিম ইয়ং নামও সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এ ছাড়া কোনো কোনো বিশ্লেষক মন্ত্রিসভার প্রধান চো ইয়ং রিমকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে মনে করছেন।তবে অনেক বিশ্লেষকের আশঙ্কা, কিম জং-ইলের অবর্তমানে তাঁদের মধ্যে প্রকাশ্যে ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে।বিশ্লেষক ফ্রাঙ্কের মতে, তাঁরা সবাই বর্তমান ব্যবস্থার সুবিধাভোগী। সুতরাং তাঁরা সবাই তাঁদের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইবেন।কারও কারও মতে, এই মুহূর্তে কিম জং-ইলের অন্য ছেলেরা কিম জং উনের জন্য হুমকি হবেন বলে মনে হয় না। এমনকি তাঁর সত্ ভাই কিম জং নামও জানিয়ে দিয়েছেন, তিনি নেতৃত্ব গ্রহণে আগ্রহী নন।তা সত্ত্বেও অনেক বিশ্লেষক তাঁর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বিশ্লেষক ফ্রাঙ্কের মতে, কিমের যেকোনো ছেলেই তরুণ কিম জং উনের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। বিবিসি অনলাইন অবলম্বনে।