কিরগিজস্তানে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ পরোপুরি প্রতিষ্ঠিত হয়নি
কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের সমর্থকেরা দেশটির দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সরকারি দপ্তর অবরোধ করে রাখায় গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকার সমস্যার মধ্যে শাসনকার্য পরিচালনা করছে। যদিও আন্তর্জাতিকভাবে অপরিচিত সরকার দাবি করছে, পুরো দেশের নিয়ন্ত্রণভার তাদের হাতে রয়েছে। অন্তর্বর্তী সরকারের চিফ অব স্টাফ এদিল বাইসালভ বলেন, ‘জালালাবাদে কিছুটা অরাজকতা দেখা দিয়েছে। তবে সেটা একেবারেই অপরাধমূলক।’ তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই পরিস্থিতি শান্ত হয়ে আসবে।এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাকিয়েভের সমর্থকেরা গত শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জালালাবাদে অবস্থিত সরকারের আঞ্চলিক দপ্তরে জোরপূর্বক প্রবেশ করে এবং অল্পসময়ের মধ্যে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল দখল করে নেয়। সার্বিক অবস্থা বর্তমানে শান্ত হলেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। ৭ এপ্রিল দেশটিতে বিরোধী দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১০০ জন নিহত ও অন্তত এক হাজার লোক আহত হওয়ার পর কিরগিজস্তানের বিরোধী দল দেশটির ক্ষমতা গ্রহণ করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে। বিরোধী দল সেখানে ছয় মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের শহর জালালাবাদে পালিয়ে যান। বর্তমানে তিনি স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন।