কিরগিজস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তক্ষয়ী সংঘর্ষের পর কিরগিজস্তানের বিরোধী দল দেশটির ক্ষমতা গ্রহণ করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছে। সেখানে ছয় মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ রাজধানী থেকে পালিয়ে গেছেন। দেশটিতে বিরোধী দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে গতকাল বুধবার ১০০ জন নিহত ও অন্তত এক হাজার আহত হয়। গত মঙ্গলবার একটি প্রাদেশিক শহরে এ বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারীরা সরকারের প্রধান ভবন হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দেয়।অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের অপসারণ দাবি করেছিলেন, যাঁকে তিনি পাঁচ বছর আগে ক্ষমতায় আসতে সহায়তা করেছিলেন। বাকিয়েভের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী ওতুনবায়েভা সাংবাদিকদের বলেন, ‘কিরগিজস্তানের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা বাকিয়েভের একনায়কতন্ত্র, জুলুম ও নির্যাতনের জবাব দিয়েছি মাত্র।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা এটাকে জনগণের বিপ্লব বলতে পারেন। আমরা যে ন্যায় বিচার ও গণতন্ত্র চাই, এটা তারই উদাহরণ।’কিরগিজস্তানের মানাস শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানঘাঁটি থেকে আফগানস্তানে তাদের সেনাসদস্যদের রসদ সরবরাহ করে থাকে।রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র বলেন, ওতুনবায়েভা তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তিনি দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন এবং তিনি নিজেকে সরকারের প্রধান হিসেবে দাবি করছেন।