কিরগিজস্তানে জাতিগত সহিংসতায় নিহত দুই শতাধিক
জাতিগত সহিংসতায় মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে দুই শতাধিক সংখ্যালঘু উজবেক নিহত হয়েছে এবং লক্ষাধিক লোক সীমান্ত এলাকায় পালিয়ে গেছে। উজবেক এক নেতার উদ্ধৃতি দিয়ে এপি আজ সোমবার এ তথ্য জানায়।উজবেক ন্যাশনাল সেন্টারের পরিচালক জাল্লাহিদ্দিন জালিলাতদিনভ বলেন, অন্তত ২০০ উজবেকের মরদেহ এরই মধ্যে সমাহিত করা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা ১১৭ জনে দাঁড়িয়েছে।এদিকে এপির এক প্রতিবেদক জানান, কয়েক শ উজবেক শরণার্থী জাতিগত সহিংসতা থেকে পালিয়ে জালালাবাদের সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নিয়েছে। সীমান্তরক্ষীরা শরণার্থীদের খাবার, পানি ও কাপড়-চোপড় সরবরাহের অনুমতি দিয়েছেন। এ ছাড়া কয়েক শ উজবেক সীমান্ত পার হয়ে উজবেকিস্তানে চলে গেছে।এদিকে আল জাজিরা জানায়, দাঙ্গাবাজদের লাগানো আগুনে দক্ষিণাঞ্চলের ওশ শহরের বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে। কয়েক হাজার সংখ্যালঘু উজবেক সহিংসতা থেকে পালিয়ে গেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মতে, এই সহিংসতায় এক হাজার ৪০০ লোক আহত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হওয়ার পর দেশটির সবচেয়ে ভয়াবহ এই জাতিগত সহিংসতা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।কিরগিজস্তানের ওশ, জালালাবাদ শহরসহ আশপাশের কয়েকটি এলাকায় গত বৃহস্পতিবার থেকে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। গত এপ্রিলে ওতুনবায়েভার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশটির দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।