কিরগিজস্তানের হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি সংঘটিত কিরগিজস্তানের জাতিগত সহিংসতার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা ‘সহিংসতায় মৃতের সংখ্যা প্রকাশিত সংখ্যার দশগুণ হতে পারে’ মন্তব্য করার পর এই আহ্বান করা হয়। সরকারিভাবে এই সহিংসতায় ১৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক কিরগিজস্তানের বর্তমান অবস্থাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে মার্কিন ও রাশিয়ার সেনাঘাঁটি রয়েছে। ব্লেক প্রতিবেশী উজবেকিস্তানের কয়েকটি শরণার্থী-শিবির পরিদর্শনের পর এই আহ্বান জানান।এদিকে কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান ওতুনবায়েভা দেশটির দক্ষিণাঞ্চলীয় দাঙ্গা-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর পাশাপাশি তিনি শরণার্থীদের নিজ নিজ এলাকায় ফিরে আসার আহ্বান জানান।এদিকে কিরগিজস্তানের জাতিগত সহিংসতায় বাড়িঘর হারিয়েছেন—এমন অন্তত চার লাখ লোকের সহযোগিতায় সাত কোটি ১০ লাখ ডলারের সাহায্য ঘোষণা করেছে জাতিসংঘ। এ ছাড়া উজবেকিস্তান সরকারও জাতিসংঘের কাছে সেদেশে অবস্থিত শরণার্থী-শিবিরগুলোতে সহযোগিতার জন্য একই পরিমাণ আর্থিক সহযোগিতা চেয়েছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘের মানবিক বিপর্যয়-বিষয়ক দপ্তরের প্রধান জন হোমস দাতা দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে বৈঠক করছেন। দেশগুলোর প্রতি বান কি মুন জরুরি সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লুট, সরবরাহের স্বল্পতা ও চলাচলে বিধিনিষেধ থাকায় কিরগিজস্তানে খাদ্য, পানীয় ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া চিকিত্সা কেন্দ্রগুলোতেও সরবরাহ কম থাকায় ওষুধের সংকটও ব্যাপক হারে দেখা দিয়েছে।বান কি মুন আরও বলেন, কিরগিজস্তানে অন্তত তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া এক লাখ মানুষ উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে, যার মধ্যে ৮০ হাজার মানুষ শরণার্থী-শিবিরে আশ্রয় নিয়েছে এবং হাজার হাজার মানুষ এখনো সীমান্ত এলাকায় অপেক্ষা করছে।