স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান৩ ডিসেম্বর ১৯৭১। মণিপুরের কৈলাশহর থেকে গভীর রাতে একটা অটার বিমান উড়ে গেল। গন্তব্য চট্টগ্রামের পতেঙ্গা। উদ্দেশ্য, পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির তেল ডিপো ধ্বংস করে দেওয়া। কিছুক্ষণ পর আগরতলার তেলিয়ামুড়া থেকে উড়ে গেল একটি এলুয়েট হেলিকপ্টার। গন্তব্য নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো। উদ্দেশ্য একই, গোদনাইল তেল ডিপো ধ্বংস। তেলের ডিপো দুটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকে। পাকিস্তানি বাহিনীর স্থল, নৌ আর আকাশযানগুলোর জ্বালানি সরবরাহ হয় এসব ডিপো থেকে। ডিপো দুটি ধ্বংস হলে তাদের জ্বালানিসংকট দেখা দেবে। এই তেলের ডিপো দুটি স্থলভাগের সেক্টর গেরিলারা ধ্বংস করার পরিকল্পনা করলেও কড়া নিরাপত্তার জন্য তা সম্ভব হয়নি।বাংলাদেশ বিমানবাহিনী সবে গঠিত হয়েছে। তিনটি বিমান নিয়ে এর যাত্রা শুরু। বিমানবাহিনীর সদর দপ্তর নাগাল্যান্ডের ডিমাপুরে। ডিমাপুরে দ্বিতীয় মহাযুদ্ধের পরিত্যক্ত রানওয়েতে কয়েক দিনের প্রশিক্ষণ শেষে বাংলাদেশের ভেতর অপারেশন শুরু করে। বিমানবাহিনীর প্রথম ইউনিটের নাম রাখা হয়েছে ‘কিলো ফ্লাইট’।কানাডার তৈরি অটার বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীকে ভারত দান করেছে। এটি বেসামরিক কাজে ব্যবহার হতো। রকেট পড লাগিয়ে এটিকে যুদ্ধের উপযোগী করা হয়েছে। ১৪টি রকেট ব্যবহার করা যায়। পেছনের দরজা খুলে লাগানো হয়েছে মেশিনগান। বিমানের মেঝের পাটাতন খুলে ফিট করা হয়েছে ২৫ পাউন্ডের ১০টি বোমা। বোমাগুলো স্বয়ংক্রিয় ছিল না, হাত দিয়ে পিন খুলে নিক্ষেপ করতে হতো। অটারের গতি ছিল ঘণ্টায় ৮০ মাইল।এলুয়েট হেলিকপ্টারটি ছোট আকৃতির। ফ্রান্সের তৈরি। ভারত থেকে পাওয়া। আগে বেসামরিক কাজে ব্যবহার করা হতো। হেলিকপ্টার থেকে ১৪টি রকেট ছোড়ার ব্যবস্থা করা হয়েছে। মেশিনগানও লাগানো হয়েছে। ২৫ পাউন্ড ওজনের বোমা ফেলার জন্য ব্যবস্থা করা হয়েছে। খুব নিচু দিয়ে উড়তে হয়, তাই আর্মার প্রোটেকশনের জন্য এর তলদেশে এক ইঞ্চি পুরু স্টিল প্লেট লাগিয়ে একেও যুদ্ধের উপযোগী করা হয়েছে।তেল ডিপোগুলো ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে কিলো ফ্লাইটকে। অটারের আরোহী ক্যাপ্টেন শরফুদ্দিন, ক্যাপ্টেন আকরাম আহমেদ ও ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম। অটার কৈলাশহর থেকে দক্ষিণ-পূর্বে উড়ে বঙ্গোপসাগরে এসে সমুদ্র ধরে চট্টগ্রাম পৌঁছে যায়। ইস্টার্ন রিফাইনারিতে তাদের রকেট আক্রমণ শুরু করে। জ্বলে ওঠে ট্যাংকারগুলো আর বিস্ফোরণ ঘটতে থাকে একের পর এক।প্রায় একই সময়ে এলুয়েট পৌঁছে যায় নারায়ণগঞ্জের গোদনাইলে। এলুয়েটটি পরিচালনা করছেন কিলো ফ্লাইটের কমান্ডার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ক্যাপ্টেন সাহাব উদ্দিন ও ফ্লাইং অফিসার বদরুল আলম। তাঁরা তেলিয়ামুরা থেকে উড়ে ইলিয়টগঞ্জ হয়ে ঢাকা-কুমিল্লা মহাসড়ক ধরে ডেমরা পৌঁছায়। তারপর দক্ষিণে মোড় নিয়ে সোজা গোদনাইল। লক্ষ্যস্থলে পৌঁছেই তেলের ট্যাংকারের ওপর বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই ট্যাংকারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা আকাশ গ্রাস করে ফেলে। পাকিস্তান বাহিনী কিছু বুঝে ওঠার আগেই অটার আর এলুয়েট মিশন শেষ করে সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছে যায়।কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের কিলো ফ্লাইট আরেকটি সফল মিশন শেষ করল।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা