কিশোর-কিশোরীরাই দেশকে উজ্জীবিত করবে: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
‘বয়ঃসন্ধিকালের বিষয়গুলো শরমের (লজ্জা) না। এগুলো শারীরিক পরিবর্তনের বিষয়। তবে আগে এই বিষয় নিয়া কথা বলতে শরম পাইতাম।’ মৌলভীবাজারের একটি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য শামসুল ইসলাম এভাবেই এ কথা জানিয়ে দিল। এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শামসুল এবারই প্রথম ঢাকায় এসেছে। ঢাকায় এসে প্রায় হাজার খানেক কিশোর-কিশোরীর সঙ্গে দুই দিন ধরে হাসছে, খেলছে, কথা বলছে। ফলে তার আনন্দ যেন আর ধরছেই না।আজ শনিবার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কথা হয় শামসুলের সঙ্গে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত কিশোর-কিশোরী সম্মেলনে তারা একত্র হয়েছে। এখানে শুধু শামসুল নয়, অন্য কিশোর-কিশোরীরাও আনন্দে আটখানা। প্রতিবেদকের সঙ্গে তাদের কথা বলারও সময় নেই। তারা সারা দেশের ৩৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য। ক্লাবের সদস্য না হলেও এ সম্মেলনে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ক্রীড়া কমপ্লেক্সে কেউ গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কেউ ব্যস্ত হা-ডু-ডু খেলায়। আবার কেউ কেউ নতুন কোনো বন্ধুর সঙ্গে পরিচিত হতে ব্যস্ত।দশম শ্রেণীর শিক্ষার্থী রুমি দে প্রথম আলো ডটকমকে বলে, কিশোর-কিশোরী ক্লাবে গিয়ে সে বাল্যবিবাহের কুফল, এইডস কীভাবে হয়, যৌতুকের কুফলসহ অনেক বিষয়ে জানতে পেরেছে। বয়ঃসন্ধিকালের সময় নিয়ে আগে অনেক ধরনের ভ্রান্ত ধারণা ছিল। এখন এ বিষয়ে স্পষ্ট ধারণা হয়েছে।মা-বাবা তোমাকে বিয়ে দিয়ে দিতে চাইলে কী করবে—প্রথম আলো ডটকমের পক্ষ থেকে প্রশ্ন পুরোপুরি শেষ করার আগেই রুমির উত্তর-‘প্রতিবাদ করব।’আজ সকালে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্য শেষে কিশোর-কিশোরীদের অনেকেই প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তোলে।বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘জীবনের সকল ধাপের মধ্যে কৈশোরের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই সময়ে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। এদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশকে এরাই উজ্জীবিত করে তুলবে।’মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ঢুকতেই চোখে পড়ে একটি আদর্শ কিশোর-কিশোরী ক্লাবের আদলে গড়ে তোলা একটি ক্লাবের দিকে। সেখানে কেউ ক্যারাম খেলছে। কেউ হারমোনিয়ামে সুর তুলছে। কেউ বা পড়ছে বয়ঃসন্ধিকাল নিয়ে কোনো লেখা। দেশের সাতটি বিভাগের সাতটি জেলার (গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, ঝালকাঠি, রাঙামাটি, মৌলভীবাজার ও সিরাজগঞ্জ) প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রতিটি ক্লাবের সদস্য ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর।বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর দেখা, বড় সাদা ব্যানারে ‘আমরা কথা দিলাম’ শীর্ষক অঙ্গীকার নামায় সই করা, সিসিমপুর পাপেট শো দেখা, জাদু দেখা, প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে নতুন শপথ নেওয়াসহ দুই দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে কাল রোববার কিশোর-কিশোরীরা নিজ নিজ এলাকায় ফিরে যাবে। নিজেকে, পরিবারকে এবং সমাজ পরিবর্তনে নতুন উদ্যমে কাজ শুরু করবে তারা। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন সম্মেলনের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন।