কিশোর কুমার চরিত্রে রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা জল্পনা-কল্পনার প্রায় তিন বছর পর অবশেষে কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির শুটিংয়ের সব কিছু চূড়ান্ত হয়েছে। চলচ্চিত্রটির নামও রাখা হয়েছে কিশোর কুমার। আর এতে নামভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।এরই মধ্যে চলচ্চিত্রটির নির্মাণ জটিলতার নিয়ে পরিচালক অনুরাগ বসু মুখোমুখি হন কিশোর কুমার পরিবারের। তাঁরা অনুরাগ বসুর ভাবনার প্রশংসা করেন। আর তখনই চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছবিতে কিশোর কুমারের পরিবারের সদস্যদের অংশগ্রহণও থাকবে। এতে কিশোর কুমারের ছেলে অমিত কুমার গানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়ও করবেন। এদিকে, চলচ্চিত্রটি কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য করা যায়, তা নিয়ে নানা চিন্তাভাবনা করছেন পরিচালক অনুরাগ বসু। তাই কলকাতা ও পাটনায় কিশোর কুমারের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গেও নিয়মিত আলাপ-আলোচনা করছেন তিনি। পরিচালক অনুরাগ বসুর মতো রণবীর কাপুরও কিশোর কুমার চরিত্রটি ফুটিয়ে তোলার নানা চেষ্টায় আছেন। এ জন্য যেসব প্রস্তুতির দরকার তার সব কিছুই করে যাচ্ছেন রণবীর। রণবীরের বাবা ঋষি কাপুর কিংবদন্তি গায়ক কিশোর কুমারের খুব ভালো একজন বন্ধু। তাই এ ক্ষেত্রে বাবার কাছ থেকেও কিছুটা সহযোগিতা পাচ্ছেন তিনি। এদিকে রণবীর কাপুর বর্তমানে এই পরিচালকেরই বারফি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটিতে রণবীরের সহশিল্পী হিসেবে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া।