কিশোর বয়সে গাঁজা সেবনে বুদ্ধিমত্তা কমে
কিশোর বয়সে গাঁজা সেবনে বুদ্ধিমত্তা ব্যাপকভাবে কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা দলের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।গবেষক দলের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের এক হাজার মানুষের ওপর ২০ বছর ধরে এ সমীক্ষাটি চালানো হয়েছে। সমীক্ষায় গবেষকেরা লক্ষ করেন, ১৮ বছরের কম বয়স থেকে যেসব কিশোর-কিশোরী গাঁজা সেবন শুরু করে, তারা বুদ্ধিমত্তার ঘাটতিতে ভোগে।সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের জীবনের বিভিন্ন পর্যায় খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন গবেষকেরা। শিশু অবস্থায় যখন তারা গাঁজা সেবন শুরু করেনি, তখন থেকে শুরু করে ৩৮ বছর বয়স পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া মদ বা তামাকের প্রতি তাদের আসক্তি, অন্য কোনো মাদক ব্যবহার এবং শিক্ষাজীবনের মতো বিষয়গুলো এ সমীক্ষায় বিবেচনায় নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফলে দেখা যায়, কিশোর বয়স থেকে নিরবচ্ছিন্নভাবে গাঁজা সেবনকারীদের বুদ্ধিমত্তার ঘাটতি ঘটেছে। গাঁজা সেবনের মাত্রা যত বেশি, বুদ্ধিমত্তা হ্রাসের হারও তত বেড়েছে।গবেষণায় দেখা গেছে, বয়োসন্ধিকাল থেকে শুরু করে দীর্ঘদিন নিয়মিত গাঁজা সেবনকারী এক ব্যক্তির বুদ্ধিমত্তা গড়ে আট পয়েন্ট কমে গেছে।