কিশোর মিলন হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দুপুরে আবদুল খালেক ওরফে মাছ খালেককে (৩৭) এবং গতকাল শনিবার রাতে জাফর ইকবাল (২৭) ও হারুন-অর-রশিদকে (৩২) উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার একই গ্রাম থেকে শাহ আলমকে (২০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।নোয়াখালী ডিবি পুলিশের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ভিডিওচিত্র দেখে এঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের নোয়াখালীর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।