কিশোরকে বিচারবহির্ভূতভাবে হত্যায় পাকিস্তানে তোলপাড়
পাকিস্তানে বন্দরনগর করাচিতে সরফরাজ শাহ নামের এক নিরস্ত্র কিশোরকে গুলি করে হত্যাকারী ছয়জন রেঞ্জারস সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে (এটিএ) বিচার করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে দি এক্সপ্রেস ট্রিবিউন গতকাল সোমবার এ খবর জানিয়েছে।এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী আজ মঙ্গলবার রেঞ্জারসের সিন্ধু অঞ্চলের মহাপরিচালক মেজর জেনারেল ইজাজ চৌধুরীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।গত বুধবার করাচির শহীদ বেনজির ভুট্টো পার্কে রেঞ্জারসের ছয় সদস্য সরফরাজ শাহকে (১৭) উরু ও পেটে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেঞ্জারস সদস্যরা দাবি করেন, সরফরাজ শাহ একজন ভয়ংকর অপরাধী। করাচির ক্লিফটনে এক পুলিশ সদস্যের বাড়িতে সে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশের একজন সদস্য সরফরাজকে রেঞ্জারসের গাজী ইউনিটের হাতে তুলে দেন। এ সময় সরফরাজ রেঞ্জারস সদস্যদের লক্ষ করে গুলি চালায়। রেঞ্জারসের সদস্যরা পাল্টা গুলি চালালে সে নিহত হয়।আবদুল সালাম সমরু নামের এক ক্যামেরাম্যান রেঞ্জারসের হাতে সরফরাজের নিহত হওয়ার দৃশ্য ধারণ করেন। ভিডিওটি স্থানীয় একটি টেলিভিশনে প্রচার এবং পরে ইউটিউবে ছড়িয়ে পড়লে পাকিস্তানজুড়ে তোলপাড় শুরু হয়।এ ঘটনায় রেঞ্জারসের ছয় সদস্য এবং সংশ্লিষ্ট সাতজনকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট সরফরাজ শাহকে বিচারবহির্ভূতভাবে হত্যার বিষয়ে সুয়োমুটো আদেশ দেন। আদালত রেঞ্জারসের সিন্ধু অঞ্চলের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, প্রাদেশিক মুখ্যসচিব, প্রাদেশিক ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে সমন জারি করেন। সুপ্রিম কোর্ট রেঞ্জারসের সিন্ধু অঞ্চলের মহাপরিচালক মেজর ইজাজ চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক ফায়াজ লাঘারিকে তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি কিশোর সরফরাজ শাহকে মারতে মারতে রেঞ্জারসের সদস্যদের হাতে তুলে দেন। এর পরই রেঞ্জারসের ছয় সদস্য তাঁকে ঘিরে ধরেন। তাঁদের মধ্যে একজন সরফরাজকে গুলি করতে উদ্যত হন। তখন সরফরাজ তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তাঁকে খুব কাছ থেকে উরু ও পেটে গুলি করা হয়। গুলিবিদ্ধ সরফরাজ মাটিতে লুটিয়ে পড়ে রেঞ্জারস সদস্যদের কাছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আকুতি জানায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সরফরাজের বড় ভাই সাংবাদিক সালিক বাদী হয়ে রেঞ্জারসের সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। তিনি দাবি করেছেন, তাঁর ছোট ভাই সরফরাজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। সময় কাটাতে ওই দিন সে পার্কে গিয়েছিল। তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। অথচ তাকে ভয়ংকর সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে।বিভিন্ন টেলিভিশনে ভিডিওটি প্রচারিত হওয়ার পর প্রথমে রেঞ্জারসের অভিযুক্ত দুই সদস্যকে পুলিশে কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার রাতে অভিযুক্ত অন্য চার সদস্যকেও পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।সরফরাজ শাহকে পুলিশের যে সদস্য রেঞ্জারসের কাছে তুলে দিয়েছেন, তাঁকেও আটক করা হয়েছে।সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসএসপি নিয়াজ খোশো জানিয়েছেন, এ রেঞ্জারসের ছয় সদস্য এবং আটক অন্য ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করা হবে।অভিযুক্ত ছয় সদস্যকে গতকাল সোমবার সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত করা হয়। পুলিশ প্রাথমিক অভিযোগপত্রে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে।ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ‘এমন ঘটনায় আইনের চরম লঙ্ঘন হয়েছে। ছেলেটি যদি ডাকাতও হয়, তাকে এভাবে মারার কোনো অধিকার কারও নেই।’মেজর জেনারেল ইজাজ চৌধুরী গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক অভিহিত করেছিলেন। তিনি নিহত সরফরাজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার আশ্বাস দেন।মানবাধিকার কর্মীরা বলছেন, ভিডিওতে ধারণ করা দৃশ্যই প্রমাণ করে, সরফরাজকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জোহরা ইউসুফ অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনী দেশটিতে নিয়মিতভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।এদিকে ক্যামেরাম্যান আবদুল সালাম সমরু অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গা থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুনhttp://www.youtube.com/watch?v=3RZ61-vLM1Q