কিশোরগঞ্জ ও নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। ভৈরব রেলওয়ে পুলিশ আজ শনিবার সকালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দেহ উদ্ধার করে।নিহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি। ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরণে ছিল চেক লুঙ্গি ও সাদা শার্ট। পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে নামতে কিংবা উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।অপর দুর্ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির (৪০) মৃত্যু হয়। এদিকে, বেলা ১১টার দিকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। একই দিন সকালে নরসিংদী সদর উপজেলার জিনারদী থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) মরদেহ।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আলী আকবর জানান, তাঁদের ধারণা, রাতের কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। তাঁর পরণে ছিল দেশীয় বাটিক প্রিন্টের সেলোয়ার কামিজ।ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিরা ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নরসিংদী ও কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।