কিশোরগঞ্জ কারাগারে কয়েদিদের সংঘর্ষ, আহত ৪
কিশোরগঞ্জ জেলা কারাগারে খাবারকে কেন্দ্র করে দুই কয়েদির সংঘর্ষে প্রধান কারারক্ষীসহ আহত হয়েছেন চারজন। আজ শনিবার কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি তাইকুল ইসলাম, ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ফারুক মিয়া, প্রধান কারারক্ষী মাহবুবুল আলম ও কারারক্ষী আলীম উদ্দিন। তাঁদের মধ্যে কয়েদি তাইকুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলার মো. শফিকুল আলম বলেন, সাপ্তাহিক রুটিন অনুযায়ী আজ দুপুরের খাবারে বন্দীদের মুরগির মাংস দেওয়ার কথা। আজ বেলা ১১টার দিকে জেল ক্যানটিনে রান্নার দায়িত্বে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী তাইকুলের কাছে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বন্দী ফারুক যান। তিনি তাইকুলকে দুপুরে শুঁটকি রান্না করার কথা বলেন। তাইকুল এটি সম্ভব নয় বলে জানালে এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ফারুক তাইকুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। তাইকুলও ফারুকের ওপর হামলা চালান। এ অবস্থায় কারাগারের পাগলা ঘণ্টা (বিপদসংকেত) বাজিয়ে সব কারারক্ষীদের জড়ো করা হয়। সংঘর্ষ থামাতে এসে কারাগারের প্রধান কারারক্ষী মাহবুবুল আলম ও কারারক্ষী আলীম উদ্দিন আহত হন। তাঁদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে জেলা কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আজ রাতের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে জেল কোড অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।