কিশোরগঞ্জ-গাজীপুর-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-গাজীপুর-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। সড়কে চাঁদাবাজি, ছিনতাই বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার থেকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় তারা। এদিকে ধর্মঘটের কারণে নির্দিষ্ট গন্তব্যে না যেতে পেরে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।গাজীপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, মহাখালী বাস মালিক সমিতিসহ পরিবহন বাস মালিক ও শ্রমিকদের ছয়টি সংগঠন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করে। এতে গাজীপুর থেকে কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদী উপজেলা, নরসিংদীর মনোহরদী, গাজীপুরের কাপাসিয়া, টোকসহ কমপক্ষে ১০টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কামরুল আহসান সরকার জানান, প্রায় মাসখানেক ধরে কিশোরগঞ্জ-গাজীপুর সড়কের শ্রীপুর উপজেলার রাজবাড়ী ও ধলাদিয়া এলাকায় ব্যাপক হারে গাড়িতে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। একটি প্রভাবশালী দুষ্ট চক্র প্রায়ই এসব কাজ নির্বিঘ্নে করে আসছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে গাজীপুর জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন থেকে এ পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ থেকে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ওই সড়কে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের গাইটালে উপস্থিত আন্তজেলা বাস টার্মিনালে বাসযাত্রী ইকবাল আহসানসহ অসংখ্য যাত্রী জানান, তাঁরা সবাই টঙ্গী, উত্তরা, বনানী এসব এলাকায় থাকেন। সকালে ঢাকায় যেতে টার্মিনালে এসে কিশোরগঞ্জ-গাজীপুর সড়কে বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা ঢাকায় যেতে না পেরে চরম ভোগান্তিসহ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেককেই বাড়ি ফিরে যেতে হয়েছে।কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মানিক রঞ্জন দে জানান, ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ সদর ও আশপাশ উপজেলার চার শতাধিক যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী চরম অসুবিধায় পড়েছে।গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবদুল বাতেন সাংবাদিকদের জানান, শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে দাবি-দাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সার্বিক ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।