কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সব সড়কপথে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ অভ্যন্তরীণ ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহর থেকে বিভিন্ন সড়কপথে পিকআপ চলাচলকে কেন্দ্র করে বাসের শ্রমিকদের সঙ্গে পিকআপের মালিকদের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল বুধবার রাতে শহরের গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ডে বাসের শ্রমিকদের ওপর একদল বহিরাগত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন আজ সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয়। জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বলেন, গতকাল পিকআপ মালিকপক্ষের লোকজন শহরের গাইটাল এলাকায় বাসের শ্রমিকদের মারধর করেছে। ওই হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।