কিশোরগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্তে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। সাবেক পুলিশ কর্মকর্তা সানাউল হক ও মতিউর রহমানের নেতৃত্বে তদন্ত দলটি আজ কিশোরগঞ্জ জেলা সদরের বড়পুল, শোলমারা, নীলগঞ্জ, বড়ইতলা, যশোদল, ধুলদিয়া রেল ব্রিজসহ বেশ কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করে। এ সময় ট্রাইব্যুনালের সদস্যরা একাত্তরের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গণহত্যার সময় বেঁচে যাওয়া লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাক্ষ্য নেন।এম সানাউল হক জানান, বধ্যভূমি পরিদর্শনের সময় গণহত্যার প্রমাণসহ অন্যান্য তথ্য পাওয়া গেছে। গণহত্যার শিকার অথচ বেঁচে যাওয়া লোকদের বক্তব্যও নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে কার্যক্রম নেওয়া হবে। তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান জানান, তদন্তের মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের চিহ্নিত করা হবে। রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ট্রাইব্যুনালের সদস্যদের সঙ্গে ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার জাহান ফারাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. আসাদুল্লাহ, উপকমান্ডার এম এ মান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।এর আগে গতকাল বুধবার তদন্ত দলটি ভৈরব উপজেলার মানিকদী বধ্যভূমি, বাজিতপুরের রেলওয়ে ব্রিজ বধ্যভূমি, সি অ্যান্ড বি ব্রিজ বধ্যভূমি পরিদর্শন করে। ওই সময় শহীদদের আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত দলের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন।