কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল রাতে এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলাম খুনের ঘটনায় আজ শনিবার মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১২ জনকে আসামি করে মামলাটি করেন নিহত আমিনুলের চাচা মতিউর রহমান।এদিকে, থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর মালেক (২০), নাইমুল ইসলাম (১৯), ইমন (২০), ইয়াছিন (২০), মাহবুব (১৯) ও রুবেল (২০)। তাঁদের বাড়ি শহরের নগুয়া বাঘাবাড়ী এলাকায়।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। বিজয় দিবসে এবং ঘটনার তিন দিন আগে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলায় আমিনুলের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাদানুবাদ ও হাতাহাতি হয়। এরই জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে তাঁরা জানিয়েছেন। ওসি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, আমিনুলের বাড়ি জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে। সে সদর থানার কাটাবাড়িয়ায় নানাবাড়ি থেকে পড়াশোনা করত। চার ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়। কাল রোববার তার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।