সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌ-দুর্ঘটনায় গতকাল রোববার পর্যন্ত ৩৭ জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২১ জন কিশোরগঞ্জের ইটনা উপজেলার, ১২ জন মিটামইনের। শনিবার রাতে ওই দুর্ঘটনার পর থেকে ইটনা, মিটামইন যেন শোকের পল্লিতে পরিণত হয়। নদীর পাড় থেকে বাড়ির আঙিনা পর্যন্ত চলছে গণমাতম।সিলেট অঞ্চলের বৃহত্তম পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথরশ্রমিক পরিবারের সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিল। সুরমা নদী হয়ে কিশোরগঞ্জের ইটনা ছিল তাদের গন্তব্য। সুনামগঞ্জের জামালগঞ্জ পাড়ি দিয়ে নৌকাটি শনিবার রাত সাড়ে আটটায় সুরমা নদীর ধনুর বাঁকে পৌঁছালে বিপরীত থেকে বালুবাহী ভলগেট একে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন নৌকাটি ডুবে যায়। মৃত ব্যক্তিদের অধিকাংশ ঘুমিয়ে থাকা নারী ও শিশু। গতকাল কিশোরগঞ্জের ইটনা জেটি ঘাটে গিয়ে দেখা যায়, নদীর তীরে অপেক্ষা করছে স্বজনহারারা। নৌকায় করে লাশ এসে পৌঁছালে জানা গেল, উপজেলার বড়হাটি গ্রামে দুটি পরিবারের তিনজন করে সদস্য মারা গেছে। দুপুরে দুটি নৌকা ১০ জনের লাশ নিয়ে গ্রাম থেকে এক কিলোমিটার দূরের জেটি ঘাটে নৌকা ভিড়লে জনতার চোখভরা অশ্রুর বাঁধ যেন ভেঙে যায়। জয়সিদ্ধি গ্রামের একই পরিবারের তিনজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। দুপুর দেড়টার দিকে সরাসরি ধনু নদীর পাড়ের শোকবিহ্বল গ্রামে এসে পৌঁছে শবের নৌকা। হাজারিকান্দা গ্রামের হয়েছে চারজনের মৃত্যু। ফলে ইটনার গ্রামগুলো কাল ছিল শোকে ন্যুব্জ। শোকের ঢেউ যেন আছড়ে পড়েছে শীতের নিশ্চল হাওরের গ্রামে গ্রামে। গতকাল সন্ধ্যার আগে বড়হাটি গ্রামের বাড়িতে আজমান মিয়া (৫০), তাঁর স্ত্রী হেলেনা আক্তার (৩০), ছেলে রফিকুর ইসলাম (৮) ও রিমা আক্তারকে (৫) পাশাপাশি দাফন করা হয়। এই দৃশ্য যেন সহ্য করতে পারছিল না গ্রামবাসী। সবার চোখ জলে ঝাপসা। এই দৃশ্য ছিল গ্রামের সাইফুলের বাড়িতেও। সাইফুলের স্ত্রী জামেলা খাতুন (৫০), মেয়ে রিপা আক্তার (২৫) ও নাসিমা আক্তারের (১১) লাশ দাফন করা হয়েছে বাড়ির পাশের কবরস্থানে। পাগলপ্রায় সাইফুল ইসলাম হাউমাউ করে কাঁদছিলেন। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায়নি কেউ। গ্রামে ঘুরে দেখে, কথা বলে জানা গেল, মৃতদের সবাই নিম্নবিত্ত। গত বছর আগাম বন্যায় হাওরের বোরো ফসল মার খাওয়ায় পরিবারগুলো জীবিকার সন্ধানে সুনামগঞ্জের ভোলাগঞ্জ চলে যায়। সেখানে তারা পাথরশ্রমিক হিসেবে কাজ করে। এখন হাওরে বোরো মৌসুম শুরু হওয়ায় নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করে কৃষিশ্রমিক পরিবারগুলো।হাজারিকান্দা গ্রামের আলী আকবর (৩৫) স্ত্রী রেনু আক্তার (৩০), ছেলে আসাদুল (১০) ও মেয়ে সাহেদাকে (৮) হারিয়ে শুধু বুক থাপড়াচ্ছেন। একসময় লাশ জড়িয়ে কান্না জুড়ে দেন। এ পরিবারটিও এলাকায় কাজ না থাকায় জীবন বাঁচাতে ভোলাগঞ্জ গিয়ে পাথর-বালুর শ্রমিক হিসেবে কাজ নিয়েছিল। ‘বারবার বলছিলেন, কাম কইরে কি অইবো, যারার লাগি কাম করাম, তারা কেউ নাই। আল্লায় এরার লগে আমারে লইয়া গেল না কেরে’—আকবরের আহাজারি। ইটনার এলংজুড়ি আর উদিয়ার পাড় গ্রামেও স্বজনের লাশ নিয়ে চলেছে এমনই মাতম।ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (৪৮) জানান, ‘জীবনে একসঙ্গে এত লাশ দেখিনি। বোরো মৌসুমে সবাই বাড়ি ফিরছিল। কিন্তু ...।’ সাবেক ইউপি মেম্বার মুসলেহ উদ্দিন বলেন, হতভাগারা অনেক আশা নিয়ে বাড়ি ফিরছিল স্বজনদের কাছে। এখন তাদের লাশ কাঁধে নিতে হচ্ছে স্বজনদের। এ শোক বহন করা এবং ভোলা কঠিন। ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, দাফন-কাফনের জন্য এলাকার লোকজন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম প্রথম আলোকে জানান, মোট ১৬ জনের লাশ সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি লাশের দাফনের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মিটামইনে ১২ লাশ: মিটামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, উপজেলার বরাগ্রামের সাতজন মারা গেছে। এদের মধ্যে ফরিদা (৪০), শাকিল মিয়া (১৩), বানু আরা (১৬), জাকিয়া আক্তার (১২), শাকিল (৭), স্মৃতি আক্তার (৬) ও ইতি আক্তারকে (৬) সন্ধ্যার আগে দাফন করা হয়েছে। তেলিকাই গ্রামের আছিয়া (৪৫), মালিহন গ্রামের খোদেজা (৩৮), চমকপুর গ্রামের সাহেরা (৩২), ফুলবানু (৩৮) এবং দক্ষিণপট্টি গ্রামের জাহিদুল মিয়াকে (২৫) দাফন করা হয় নিজ নিজ বাড়ির কবরস্থানে। মিটামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান শাহজাহান জানান, এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না। যারা স্বজন হারিয়েছে সত্যিকার অর্থে তারাই এ কষ্ট উপলব্ধি করতে পারবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে পুনর্বাসনসহ বড় অঙ্কের সহায়তা দেওয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, ‘বরা গ্রামে স্বজনহারানো শোকের মাতম দেখে হূদয় ফেটে গেছে।’ স্ত্রী ও দুই সন্তান হারিয়ে দিশেহারা আজমান: ‘আইজ যাইও না, হামনের হপ্তাহে যাইয়ামনে’—আজমানকে (৫০) বলেছিলেন স্ত্রী হেলেনা আক্তার। স্ত্রীর কথা না শুনে তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ট্রলারে করে গ্রাম ইটনা উপজেলার বড়হাটি রওনা দেন তিনি। শনিবার রাতে ফেরার সময় নৌ-দুর্ঘটনায় পড়ে স্ত্রী, ছেলে রফিকুল ইসলাম (৮) ও মেয়ে রিমা আক্তারকে (৫) হারান। এখন স্ত্রীর সে আবদার তাঁর বিলাপের ভাষা—‘আইজ যাইও না, হামনের হপ্তাহে যাইয়ামনে’। তাঁর বিলাপে নদীর পাড়ে আসা শোকার্ত মানুষেরা চোখের পানি ধরে রাখতে পারেনি। বেঁচে যাওয়া দুই ছেলেশিশু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বাবার দিকে। আজমান আলী জানান, ট্রলারটি ডুবে যাওয়ার সময় মেয়ে রিমাকে বলেছিলেন, মাকে নিয়ে জানালা দিয়ে বের হয়ে যেতে। বলতে বলতেই দেখেন ট্রলারের একটি অংশ ডুবে যাচ্ছে। তিনি ছেলে এমদাদুল (১৪) ও কালা মিয়াকে (১২) পায় দিয়ে ঠেলে ট্রলার থেকে পানিতে ফেলে দেন। তারা সাঁতরে ওই ট্রলারের ওপরে উঠে যাওয়া বালুভর্তি ট্রলারটিতে ওঠে পড়ে। পরে লোকজন পিতা-পুত্রদের উদ্ধার করে। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন আজমান। জ্ঞান ফিরে এলে তিনি স্ত্রী হেলেনা আক্তার, ছেলে রফিকুল ইসলাম ও শিশুকন্যা রিমাকে খুঁজতে থাকেন। উদ্ধারকারীরা এক এক করে তাদের লাশ নিয়ে আসেন। দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আজমান। বেঁচে গেল পরিবারটি: মা কুলসুম বেগম ট্রলারটি ডুবে যেতে দেখে সাত বছরের শিশুকন্যা জুয়েনাকে দুই হাতে লঞ্চের জানালা দিয়ে ওপরের দিকে তুলে ধরে রেখেছিলেন। ১৩ বছরের কন্যা নাছিমা বাবা আবদুল সাত্তারের এক পায়ে, পাঁচ বছরের আকলিমা অন্য পায়ে। বাবা শরীরের সর্বশক্তি দিয়ে দম বন্ধ করে ট্রলারের ভেতর থেকে তাদের বের করে আনেন। পরে পাশের ধাক্কা লাগা ট্রলারটিতে তারা উঠতে সক্ষম হয়। এভাবেই গোটা পরিবারটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। সেখান থেকে একটি জেলে নৌকা তাদের উদ্ধার করে। পরিবারের সবাইকে পেয়ে বাকরুদ্ধ হয়ে সাত্তার ইটনা ঘাটে তাই যেন শোকরিয়া প্রকাশ করে বলেন, ‘আল্লাহ রক্ষা করেছে।’আবদুস সাত্তারের বাড়ি ইটনার সড়কহাটি গ্রামে। বোরো মৌসুম আসায় তাঁরা ফিরে আসেন গ্রামে। বর্গাচাষ করে আর নিজের সামান্য জমিতে ধান চাষ করে সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর স্বপ্ন দেখেন। স্ত্রী কুলসুম আক্তার সাংবাদিকদের বলেন, ‘গ্রাম ছেড়ে আর কোথাও যাব না। প্রয়োজনে স্বামীর সঙ্গে মাঠে কাজ করব। সন্তানদের শিক্ষিত করব।’