কিশোরগঞ্জে গ্রামবাসীর হামলায় ১০ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অশ্লীল নাচ ও জুয়ার আসরে বাধা দেওয়ায় আজ বুধবার পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী। তাদের হামলায় একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ১০ সদস্য আহত হন। উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের দুটি রাইফেল খোয়া গেলেও পরে তা উদ্ধার করা হয়। ঘটনা সম্পর্কে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলমের ভাষ্য হচ্ছে, প্রশাসনের অনুমতি ছাড়া স্থানীয় একটি প্রভাবশালী মহল আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নাচ, গান ও জুয়ার আয়োজন করে। খবর পেয়ে আজ ভোরের দিকে ইটনা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ১১ জনের একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় শত শত গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে দুটি রাইফেল ছিনিয়ে নেয়। তবে সকালে পরিত্যক্ত অবস্থায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পুলিশ বাধা দিলে অনুষ্ঠানে উপস্থিত শত শত এলাকাবাসী প্রতিবাদ করে। একপর্যায়ে এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ সদস্যরা এদিক-সেদিক পালিয়ে যান। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ পৌঁছার পর তাঁরা ফিরে আসেন। ইটনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে আজ সকালে ইটনা থানার এসআই মো. মিজানুর রহমান, এএসআই শামসুল হুদা, কনস্টেবল সলিমুর রহমান ও মইনুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি কিংবা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।