কিশোরগঞ্জে ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ কারণে ঢাকা-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-চট্টগ্রাম এবং ময়মনসিংহ-সিলেট রুটে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় ট্রেনের আটজন যাত্রী গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়সুতি এলাকায় একটি প্রহরীবিহীন রেলক্রসিং আছে। আজ সকালে সেই রেলক্রসিং দিয়ে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় রেললাইনের ওপর ট্রাকটি বন্ধ হয়ে যায়। এ সময় আন্তনগর এগারোসিন্দুর ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি কিছু দূর ছিটকে গিয়ে রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে। এ কারণে ওই রেললাইন দিয়ে তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আ. মোতালিব বলেন, দুর্ঘটনার পর রেলওয়ের স্থানীয় লোকবল দিয়ে লাইন থেকে ট্রাকটি সরানোর চেষ্টা করা হয়। দুপুরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়।