কিশোরগঞ্জে জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নওবাড়িয়া গ্রামে একজন মুক্তিযোদ্ধার জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এলাকার মহিউদ্দিন ও ভেলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে দা, বল্লম, ধারালো অস্ত্রসহ নানা দেশীয় অস্ত্র ব্যবহূত হয়।আহত ব্যক্তিদের মধ্যে আক্কাস (৩৫) ও ফজলুর রহমানকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন ফজলুর রহমান মারা যান।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মনসুর আহমেদ জানান, সংবাদ পেয়ে করগাঁও ক্যাম্পের পুলিশ ও কটিয়াদী থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ভ্যানটির কিছুটা ক্ষতি হয়। ফজলুর রহমান মারা যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভেলু মিয়ার লোকজন মহিউদ্দিনের পক্ষের লোকজনের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।ভেলু মিয়া জানান, মহিউদ্দিনের পক্ষের লোকজন মুক্তিযোদ্ধা খোরশিদ উদ্দিনের জমি দখল করে রেখেছে। এ নিয়ে অনেকবার বিবাদ ও মীমাংসা হলেও মহিউদ্দিনের লোকজন তা না মেনে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন নুরু, খালেক ও বিল্লাল নামে তিন ব্যক্তির বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।মহিউদ্দিন জানান, জমিতে তাঁদেরও অংশ রয়েছে। একে ঘিরেই আজকের এ সংঘর্ষ। এতে তাঁর পক্ষেরও ১৫ জন আহত হয়েছে।