কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী আজ বৃহস্পতিবার সকালে নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক আকাশ মিয়া ও আরোহী সোহাগ মিয়া। আকাশ কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং সোহাগ স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল। দুইজনই উপজেলার উসমানপুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচরের উসমানপুর রেলক্রসিং অতিক্রম করে। এ সময় আকাশ মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে দূরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোহাগ মিয়ারও মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও উসমানপুরের রেলক্রসিংয়ে গেটম্যান রাখা হয়নি। ফলে এখানে প্রতি বছর একাধিক মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা যায়।ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।