কিশোরগঞ্জে তিতাস গ্যাসের ৬ কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ছয় কর্মীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। শহরের বত্রিশ এলাকার মিজানুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জের প্রথম বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালত কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেনকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামিরা হচ্ছেন—তিতাস গ্যাসের হিসাবরক্ষক সুখময় মোদক, লেজার কিপার ওবায়দুল হক, টেকনেশিয়ান মো. আনিস, মো. ইফতেখার, বাচ্চু শেখ ও মো. আবুল।মামলার বাদী মিজানুর রহমান এজহারে বলেন, আসামিরা মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসায় গ্যাসের সংযোগ দিয়ে আসছিলেন। তিনি ঘটনাচক্রে তাঁদের অপকর্মের কথা জেনে যান। তাঁদের অবৈধ কর্মকাণ্ডের ঘটনা লোকজনকে জানিয়ে দেওয়ার কথা বলা হলে তাঁরা ক্ষেপে যান এবং নানাভাবে তাঁকে হয়রানি করাসহ তাঁর কাছে চাঁদা দাবি করতে থাকেন। তা ছাড়া গ্যাসের মেরামতকাজও করতে দেওয়া হবে না বলে তাঁকে হুমকি দেন। এ বিষয়ে মিজানুর রহমান ১ ডিসেম্বর তিতাস গ্যাসের কিশোরগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দেন। এর আগে গত ২৭ নভেম্বর কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি। এরপর ২৯ নভেম্বর জেলা প্রশাসকের কাছেও একটি লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে তিতাস গ্যাসের কিশোরগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক হেলাল উদ্দিন তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর কাছে যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তবে মামলার বিষয়ে তিনি জানেন না বলে মন্তব্য করেন। মামলায় অভিযুক্ত আসামিদের বক্তব্য জানতে তিতাস গ্যাস কার্যালয়ে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। মামলার পর তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আজ প্রথম আলোকে জানান, আদালতের কাগজপত্র এখনো পাইনি। পাওয়ামাত্র প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।