কিশোরগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় কেওয়ারজুর ইউনিয়নের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বন্দুকের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত সাদ্দাম হোসেন (২৮) কেলিখাই মাতারবাড়ি গ্রামের এলাম ভূঁইয়ার ছেলে।আহত ব্যক্তিদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কেলিখাই মাতারবাড়ি গ্রামের একটি মাঠে বাচ্চারা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে কান্দিপাড়া গ্রামের খেলোয়াড় চঞ্চলকে (১০) প্রতিপক্ষের খেলোয়াড়েরা মারধর করে।এ ঘটনাকে কেন্দ্র করে কেলিখাই মাতারবাড়ি ও কান্দিপাড়া গ্রামের দুই শতাধিক লোক দা, লাঠি, বল্লম ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে কান্দিপাড়া গ্রামের লোকজন সাদ্দামের লাশ নিয়ে পুড়ে ফেলবে—এমন খবর পেয়ে কয়েক শ গ্রামবাসী সাদ্দামের লাশ উদ্ধারে যায়। পরে পুলিশ সেখান থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে। অন্যদিকে আহত ব্যক্তিদের মধ্যে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।