কিশোরগঞ্জে বাঁধ ভেঙে ১০ হাজার একর জমির ধান পানির নিচে
কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার মধ্যে বিস্তৃত বিজয় বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থান গতকাল শুক্রবার ভেঙে গেছে। এতে দুই উপজেলার ২০টি হাওরে পানি ঢুকে প্রায় আট হাজার একর জমির ধান তলিয়ে গেছে। এ ছাড়া ইটনার জিউল বাঁধ ভেঙে ডুবে গেছে প্রায় দুই হাজার একর জমির ধান। আধাপাকা ধান হারিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহে মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার প্রায় সাত হাজার ৭০০ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।মিঠামইন ও ইটনা উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ বিজয় বেড়িবাঁধ রক্ষা করতে ২৫টি গ্রামের মানুষ দিন-রাত কাজ করেন। দুই সপ্তাহ আগে তাঁরা বাঁধটি মোটামুটি উঁচু ও মজবুত করতে সক্ষম হন।কিন্তু ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দাইরা ও কৈশোর নদীর পানিও বাড়ে। গত তিন দিনে এ দুই নদীর পানি প্রায় তিন ফুট বৃদ্ধি পায়। এর ফলে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে চারিগ্রাম, বাঁধগাইর, বাগানের খাল, আটপাশা, জয়সিদ্ধি, উয়াড়া, নয়ানগর, হাশিমপুর, কাঞ্চনপুর, বড়া, মামুদপুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে ও উপচে যায়। এতে ২০টি হাওরের আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে।চারিগ্রামের কৃষক সেতাব মিয়া (৩৫) বলেন, ‘চারিগ্রাম হাওরে আমার সাত একর জমির ধান তলিয়ে গেছে। কোনোভাবে শেষ রক্ষা হলো না। সব হারিয়ে এখন বাড়ি-ভিটা বিক্রি করতে হবে।’ একই গ্রামের ইকাব্বর (৪২), মোজাম্মেল (৩৫), কিরণ ভূঞাসহ (৩৫) ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তাঁরা কেউ এক ইঞ্চি জমির ধানও ঘরে তুলতে পারেননি। ব্যাংকঋণ, ধারের টাকা শোধ তো দূরের কথা, পরিবার-পরিজন নিয়ে কীভাবে বাঁচবেন তাই চিন্তা করছেন। কৃষক অধীর চন্দ্র দেব (৫০) বলেন, ‘আমার ১০ একর জমির ধান পানির নিচে। ধান গেলেও ঋণের টাকা শোধ করতে হবে। ঋণ শোধ করতে এখন বোধহয় ভিটেমাটি ছাড়তে হবে। এমন আহাজারি জয়সিদ্ধি, আটপাশা, নয়ানগর, উয়াড়াসহ বেড়িবাঁধ এলাকার ২৫টি গ্রামের শত শত কৃষকের।মিঠামইনের কাটখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন আহমেদ জানান, পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শতচেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান বলেন, ‘পানি বাড়ার গতি দেখে কৃষকদের আধাপাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিছু ধান কাটাও হয়েছিল। কিন্তু শুক্রবার বাঁধ ভেঙে আট হাজার একর জমির ফসল তলিয়ে গেল।’ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন জানান, পানি বাড়ার কারণেই প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, উপজেলার জিউলের বাঁধ ভেঙে গিয়ে দুই হাজার একর জমি পানিতে তলিয়ে গেছে।ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ভিজিএফ ও ভিজিডি কার্ড এবং সরকারি অন্যান্য আর্থিক সুবিধার ব্যবস্থা করতে সরকারের কাছে লিখিত দাবি জানাবেন।মৌলভীবাজারের জুড়ী এবং কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের কৃষকেরা তলিয়ে যাওয়া খেত থেকে আধাপাকা ধান কেটে তোলার চেষ্টা করছেন। যাঁদের জমি বেশি পানির নিচে, তাঁরা শুধুই বিলাপ করছেন।গতকাল সকালে সরেজমিনে কুলাউড়ার ভূকশিমইল এবং জুড়ীর সদর জায়ফরনগর ও পশ্চিমজুড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে কৃষকদের আহাজারির দৃশ্য দেখা যায়। অনেকেই আধাপাকা ধান খেত থেকে কেটে আনার চেষ্টা করছেন।ভূকশিমইলের কাইরচক গ্রামের ফরিদ আলী (৪০) প্রায় ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। ফসলও প্রায় ৬০ ভাগ পেকে গিয়েছিল। এখন তা পানির নিচে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ধারদেনা করি খেত করছিলাম। অখন তো হখলতা (ফসল) শেষ।’ জায়ফরনগরের সাহপুর গ্রামের তুলা মিয়া (৫৫) জানান, তিনি ৬০ বিঘা জমিতে বোরো চাষ করেন। পুরোটাই এখন পানির নিচে। সামান্য কিছু ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি জানান, ফসল তলিয়ে যাওয়ায় গ্রামের দরিদ্র লোকজন ও বর্গাচাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, ফসল হারিয়ে কৃষকেরা এখন দিশেহারা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।কুলাউড়ার উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম জানান, ভূকশিমইল, বাটেরা, বরমচাল ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রায় পাঁচ হাজার ২৫০ একর জমির ধান ডুবে গেছে। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম জানান, পশ্চিম জুড়ী ও জায়ফরনগরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় দুই হাজার ৪৭০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামী আউশ মৌসুমে ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে বিনা মূল্যে এক বিঘায় আবাদ করতে প্রয়োজনীয় টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার দেওয়া হবে। এর জন্য সরকার প্রায় ৮০ লাখ টাকা বরাদ্দ করেছে।’