কিশোরগঞ্জে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের রানীবাজারে নিজ বাড়ি থেকে আজ শনিবার ভোরে এবি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মাজহারুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, তিনি আত্মহত্যা করেছেন। মাজহারুল হকের সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, মাজহারুল হকের বাড়ি নোয়াখালী। ২০০৩ সালের জানুয়ারি মাসে তিনি এবি ব্যাংক ভৈরব শাখায় যোগ দেন। দুই বছর আগে শেয়ারবাজারে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। চেষ্টা করেও ক্ষতি পুষিয়ে উঠতে পারছিলেন না। এ জন্য তিনি হতাশ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাজহারুল হক এক বছর আগে বিয়ে করেন। স্ত্রী ঢাকায় মাজহারুলের পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন। প্রতি বৃহস্পতিবার অফিস করে মাজহারুল ঢাকায় চলে যেতেন। তবে গত বৃহস্পতিবার তিনি ভৈরবে থেকে যান। গতকাল শুক্রবার ঢাকা থেকে ফোন করে তাঁকে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তাঁর সহকর্মীদের জানানোর পর তাঁরা গিয়ে মাজহারুলের ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, মাজহারুলের লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।মাজহারুলের ভাই মো. ইমরানের ভাষ্য, মাজহারুল পরিবারের সঙ্গে কোনো অস্বাভাবিক আচরণ করেননি। ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাজহারুল অফিস করেছেন। ব্যাংকে তাঁর কিছু ঋণ ছিল। তিনি দুই মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সহকর্মীদের কারণে তখন ব্যর্থ হন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, মাজহারুলের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তিনি ঋণগ্রস্ত বলে উল্লেখ করেছেন। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। তাঁদের ধারণা, শেয়ারবাজারে ব্যর্থতার কারণে মাজহারুল আত্মহননের পথ বেছে নিয়েছেন।