কিশোরগঞ্জে ভুয়া সনদে ৬৭ জন শিক্ষক নিয়োগ!
কিশোরগঞ্জে অর্থের বিনিময়ে পোষ্য ও আনসার-ভিডিপির কোটায় ভুয়া সনদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৬৭ জন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তাঁর কার্যালয়ের প্রধান সহকারীসহ অন্য কর্মকর্তারা এই নিয়োগ-বাণিজ্যে জড়িত ছিলেন। বিষয়টি তদন্তে গঠিত কমিটি এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোদাচ্ছের হোসেনকে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তরে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে কিশোরগঞ্জ জেলায় ২৬ জন প্রধান শিক্ষক ও ৭৫৬ জন সহকারী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এর পরপরই অভিযোগ ওঠে, তাঁদের মধ্যে অন্তত পাঁচজন প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষককে ভুয়া সনদ দেখিয়ে পোষ্য ও আনসার-ভিডিপির কোটায় নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর বিনিময়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়েছেন।একপর্যায়ে এ অভিযোগ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখা জানতে পারে। পরে মহাপরিচালকের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বাবলু কুমার সাহাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।ঘটনা তদন্তে কমিটি ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জে আসে। তদন্ত কর্মকর্তা বাবলু কুমার সাহা গত বুধবার প্রথম আলোকে জানান, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। ওই জেলা শিক্ষা কর্মকর্তাকে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি আরও খতিয়ে দেখা হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোদাচ্ছের হোসেনের বক্তব্য জানতে গতকাল বিকেলে কয়েকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রধান সহকারী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু তদন্ত চলছে, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’এদিকে নিয়োগ পাওয়া ওই ৬৭ জন শিক্ষক নিয়োগপত্র নিয়ে সংশ্লিষ্ট উপজেলায় যোগ দিয়েছেন। তবে তাঁরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন, এখন শাস্তির ভয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন।দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা প্রথম আলোকে জানান, তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে এ কথা সত্য, এ ঘটনায় শিক্ষা অধিদপ্তরে তোলপাড় হয়েছে। এতে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।