কিশোরগঞ্জে শিশু হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তাবাসসুম ইসলাম আজ বুধবার এক শিশু হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুর রহমান, হেলাল মিঞা, হেলিম মিঞা, বিল্লাল মিঞা, কফিল মিঞা, সাইদুর রহমান, শামসু ও হাজিজ মিঞা।আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৮ অক্টোবর জেলার সদর উপজেলার মাইজকাপন গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। সন্ধ্যা সাতটার দিকে মো. আবু সিদ্দিক মিঞার নয় বছরের ছেলে ওমর ফারুক টিভি দেখতে পাশের বাড়িতে যায়। এ সময় জমিসংক্রান্ত শত্রুতার জের ধরে আসামিরা ওমর ফারুককে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মৃতদেহটি বাঁশঝাড়ের একটি গর্তে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা ওই বছরের ৯ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।